বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের ঘটনাকে অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত হিসেবে দেখছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। তিনি বলেছেন, এ ধরনের অপচেষ্টা চালিয়ে অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব নয়।
রাজধানীর ইস্কাটন গার্ডেনের কাজল মিলনায়তনে বুধবার (১৪ অক্টোবর) জাতীয় কবিতা পরিষদের ৭২তম সাহিত্যসভায় তিনি এ কথা বলেন। এবারের সাহিত্যসভার শিরোনাম ছিল ‘অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথকে মুছে ফেলা যাবে না’।
সূচনা বক্তব্যে মোহন রায়হান বলেন, “ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর টার্গেট হচ্ছে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে মুছে ফেলা। এর অংশ হিসেবেই তারা সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের বারবার আঘাত করছে। সম্প্রতি রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লাগিয়ে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা হয়েছে, যা একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা। ঠিক এ কারণেই এবারের আয়োজনের শিরোনাম নির্ধারণ করা হয়েছে।”
রবীন্দ্রচর্চা ও সাংস্কৃতিক প্রতিরোধের আহ্বান: অনুষ্ঠানে ইতিহাস ও সমাজবাস্তবতার আলোকে রবীন্দ্রনাথের সৃজনকর্মের গুরুত্ব তুলে ধরেন কবি মতিন বৈরাগী। তিনি বলেন, “রবীন্দ্রনাথ আমাদের সম্পদ, তাকে ছাড়া আমাদের প্রাত্যহিক জীবন কল্পনা করা যায় না। আঘাত দিয়ে তাকে থামানো যাবে না। এসব অপশক্তিকে রুখতে একটি সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন।”
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “রবীন্দ্রনাথ এতটাই শক্তিশালী যে, তাকে যত ধ্বংস করার চেষ্টা করা হবে, তিনি ততই নতুন করে সৃষ্টি হবেন। আমাদের বাংলা ভাষার সৌকর্য ও বিজ্ঞানমনস্কতা রবীন্দ্রনাথেরই তৈরি। অপশক্তিগুলো তাকে মুছে দেওয়ার অপস্বপ্ন দেখলেও তা কখনো পূরণ হবে না।”
কলকাতা থেকে আসা কবি মলয়চন্দন মুখোপাধ্যায় বলেন, “আজ রবীন্দ্রনাথকে সামনে রেখে ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। অথচ রবীন্দ্র-নজরুল দুজনই ছিলেন অসাম্প্রদায়িকতার প্রতীক। তাদের এভাবে কালিমালিপ্ত করা সম্ভব নয়।”
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কবি নাহিদ আহমেদের সঞ্চালনায় এতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী আবদুল ওয়াদুদ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মতিন বৈরাগী, মোহন রায়হান, মলয়চন্দন মুখোপাধ্যায়, হরষিত বালা, রেজাউদ্দিন স্টালিন, গোলাম শফিক, শ্যামল জাকারিয়া, এবিএম সোহেল রশিদ, ক্যামেলিয়া আহমেদ, রফিক হাসান, সাম্য শাহ, শাহীন চৌধুরী, নাহিদ হাসান ও রাসেল আহম্মেদসহ অনেকে।
সানা/আপ্র/১৫/১০/২০২৬