বিপুল চন্দ্র রায়
আকাশে ওড়ে শুভ্র মেঘ, কাশের দোলা বনে,
রোদ হেসে কয়, দেবী মাগো এলেন আশ্বিনে!
শিশির ঝরা স্নিগ্ধ ভোরে, শিউলি ঝরা ছায়ে,
আগমনের সুর বাজে আজকে পল্লিগাঁয়ে।
ঢাকের কাঠি সুর তোলে, দশভুজা মা আসে,
স্বর্গের আলো মর্ত্যে নামে, ভক্ত হিয়ায় ভাসে।
দূর করে দাও আঁধার যত, কাটুক মনের ভয়,
মায়ের চরণ ধরে সবাই বলো, জয় দুর্গার জয়!
তোমার সুন্দর
সোহরাব পাশা
দূরের শহর থেকে চিঠি আসে না
আর
দূরত্ব বাড়ছে নিবিড় ভালোবাসার
শরৎ বুড়িগঙ্গার ওপর লেখে
শেষ গোধূলির বিষণ্ন কবিতা
বহুকাল নিদ্রিত জীবনানন্দ
মাঝরাতে বৃষ্টি তোমাকে বিব্রত করে
দহনের কী যে হাহাকার
তুমি মুখস্থ করছো নিঃসঙ্গতার
বিনিদ্র রাত্রির গল্প নির্জন ছায়ার
ঝরে পড়া স্নিগ্ধ জ্যোৎস্নার বকুল-
কোথাও থাকে না ভুল
নিবিড় ভালোবাসার
মুখর বন্ধনের স্বপ্নদিন পরস্পর
তবু কেন যে ভেঙে যায় প্রিয় সুন্দর!
কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬