লামিয়া হাসান
কিছু বিকেল আসে
কোনো কারণ ছাড়াই সুন্দর-
জানালার কার্নিশে রোদ জমে থাকে,
দূরের আকাশে মেঘেরা ভেসে যায়,
আর মন হঠাৎই
কেমন নরম হয়ে আসে।
কিছু মায়ার কোনো নাম হয় না,
কোনো ঠিকানাও থাকে না।
তারা নিঃশব্দে এসে
মনের এক কোণে বসে থাকে-
যেমন বসন্তের বাতাস
অজান্তেই ছুঁয়ে যায়
কোনো একলা জানালা।
কিছু গল্পের শেষ থাকে না,
আবার শুরু হওয়ার অপেক্ষাও নেই।
তারা কেবল থেকে যায়-
পুরোনো কোনো গানের মতো,
যে গান শুনলে
কেন যেন মন ভালো হয়ে যায়,
অথচ তার কারণটুকু
নিজেকেও বলা হয় না।
জীবন হয়তো এমনই-
সব অনুভূতির ব্যাখ্যা থাকে না,
সব সৌন্দর্য ছুঁয়ে দেখতে হয় না,
কিছু দৃশ্য দূর থেকেই সুন্দর,
কিছু মানুষ দূরত্বেই আপন,
আর কিছু অনুভূতি
শুধু অনুভূতি হয়েই পূর্ণ।
তাই কিছু মায়াকে
মায়া হয়েই থাকতে দিই।
তাদের কোনো নাম দিই না,
কোনো সম্পর্কের পরিচয়ও নয়।
শুধু কখনো মন ভালো থাকলে
নিঃশব্দে মনে হয়-
জীবন বড় অদ্ভুত সুন্দর;
কিছু অনুভূতি
পাওয়ার জন্য আসে না,
থেকে যাওয়ার জন্যই আসে।
কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬