গ্রাম আদালত যথাযথভাবে পরিচালনা ও সক্রিয় করা গেলে সাধারণ মানুষের মধ্যে এ আদালতের প্রতি বিশ্বাস ও আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এ জন্য সংশ্লিষ্টদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘গ্রাম আদালত সক্রিয়করণ-তৃতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় মেহেরপুর জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত পরিচালনায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাঁদের বিভিন্ন রেজিস্টার সংরক্ষণ এবং নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ ও সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়ন ও পরিদর্শনের সঙ্গে যুক্তদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, গ্রাম আদালতকে কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কার্যক্রম যত বেশি সক্রিয় হবে, সাধারণ মানুষের আস্থাও তত বাড়বে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও তথ্য বিভাগের কর্মকর্তাসহ উপজেলা সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা এবং কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন জেলা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান।
সানা/আপ্র/২৩/৯/২০২৬