ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। অধিকাংশ মণ্ডপে প্রতিমার মাটির কাজ প্রায় শেষ। এখন চলছে রং, সাজসজ্জা ও অলংকার তৈরির প্রস্তুতি।
আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ উৎসব। পূজা ঘনিয়ে আসায় মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জা, আলোকসজ্জা ও প্যান্ডেল তৈরির কাজ।
কারিগররা জানান, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত থাকতে হচ্ছে তাঁদের। কোনো কোনো মণ্ডপের মাটির কাজ শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যেই রং-তুলির আঁচড়ে প্রতিমার চোখ-মুখসহ বিভিন্ন অঙ্গ ফুটিয়ে তোলা হবে। এরপর পোশাক, অলংকার ও অন্যান্য সাজসজ্জায় পূর্ণতা পাবে প্রতিমা। তবে কাজের তুলনায় কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ার অভিযোগও রয়েছে তাঁদের। বাপ-দাদার পেশা হওয়ায় অনেকটা বাধ্য হয়েই এ কাজ করছেন বলে জানান কয়েকজন কারিগর।
ঘোড়াঘাট সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু পদ সরকার ও সাধারণ সম্পাদক স্বরূপ কুমার সাহা জানান, পৌরসভাসহ উপজেলায় এবার ৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন রং ও সাজসজ্জার কাজ চলছে। নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি থাকবে না বলে তাঁরা আশা প্রকাশ করেন।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মাহামুদুল বলেন, ৩৬টি মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় উৎসব পালন করতে পারবেন বলে আশা করেন তিনি।
সানা/আপ্র/২৩/৯/২০২৬