একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড়ের শাহাজী চত্বর থেকে হামিদচর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তার উভয় পাশ ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানসহ বিভিন্ন কাঁচা ও পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় থেকে হামিদচর পর্যন্ত সড়কের উভয় পাশ ও ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাটসহ কাঁচা-পাকা স্থাপনা গড়ে উঠেছিল। এসব অবৈধ স্থাপনার কারণে সড়ক ও ফুটপাতের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছিল।
অভিযানে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান চসিকের জনসংযোগ কর্মকর্তা।
সানা/ডিসি/আপ্র/২৯/৯/২০২৬