মোস্তফা কাদের, বরগুনা: বরগুনা শহরতলীর দক্ষিণ মনসাতলী এলাকার পূর্ব ধুপতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি উজ্জলসহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। মামলাটির নম্বর সি.আর. ১৩৯৬/২৬ (বর)। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য বরগুনা সিআইডিতে পাঠিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বাড়ি যাওয়ার পথে বিকাশ চন্দ্র রায়ের পথরোধ করেন এক নম্বর আসামি উজ্জল। এ সময় তাঁর হাতে দা ছিল এবং অজ্ঞাতনামা আরো চারজনের সহায়তায় তাঁকে অস্ত্রের মুখে মারধর করা হয়। হামলাকারীরা তাঁর চোখে থাকা চশমা ভেঙে ফেলে এবং গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। চেইনটির আনুমানিক মূল্য দুই লাখ ২০ হাজার টাকা।
বিকাশ চন্দ্র রায়ের চিৎকার শুনে সাক্ষীরা ঘটনাস্থলে এসে তাঁকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এ বিষয়ে মামলা করলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে বরগুনা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নিতে অপরগতা প্রকাশ করে বলে অভিযোগ করেছেন তিনি।
এদিকে, বিকাশ চন্দ্র রায়ের করা মামলা থেকে বাঁচতে এক নম্বর আসামি উজ্জল তাঁর স্ত্রী স্বর্ণাকে দিয়ে মিথ্যা বিবরণে মামলা করিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারায় করা ওই মামলাটি বরগুনা থানা পুলিশ তদন্ত করছে।
একদিকে হামলা ও ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ, অন্যদিকে পাল্টা মামলায় হয়রানির দাবি-এ পরিস্থিতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়। পাশাপাশি মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
সানা/আপ্র/৯/১০/২০২৬