মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং নাগরিক সেবা নিশ্চিত করতে জেলার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। তিনি টাঙ্গাইলকে আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, নাগরিক সেবা সহজীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার চলমান উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী সরকারি সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং টাঙ্গাইল জেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে জেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।”
তিনি জেলার সার্বিক কল্যাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের পাশে থেকে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা নবনিযুক্ত জেলা প্রশাসককে আন্তরিকভাবে স্বাগত জানান। একই সঙ্গে জেলার উন্নয়ন, জনকল্যাণ এবং প্রশাসনের ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সানা/আপ্র/১২/১০/২০২৬