মিজানুর রহমান: মাগুরার শালিখায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক জসীম উদ্দীন। গুরুতর আহত অবস্থায় তাঁকে শালিখা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার শতখালী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দলীয় বিরোধের জেরে শতখালী বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক জসীম উদ্দীনের ওপর হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক জসীম উদ্দীন জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে শতখালী নতুন বাজার এলাকায় পৌঁছে বিএনপির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা চলতে দেখেন। এ সময় মোটরসাইকেল রাস্তার পাশে রেখে তিনি ঘটনাস্থলের দিকে এগিয়ে যান।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে পকেট থেকে মুঠোফোন বের করে ভিডিও ধারণের চেষ্টা করেন তিনি। তখন নিতাই রায় চৌধুরীর পৃষ্ঠপোষকতায় থাকা নেতা ও মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং তাঁর অনুসারীরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করেন জসীম উদ্দীন।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শালিখায় কর্মরত সাংবাদিকেরা। তাঁদের মতে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাংবাদিক আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১৬/১০/২০২৬