মিজানুর রহমান: মাগুরায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ৭৫ ব্যক্তির মধ্যে অনুদানের চেক বিতরণ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় মাগুরা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান পেতে মাগুরা সদর উপজেলা থেকে মোট ১০৮ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ৭৫ জনকে অনুদানের জন্য নির্বাচিত করা হয়। অনুদানের চেক পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “১০ হাজার টাকা তেমন কিছু নয়, কিন্তু একজন অসহায় ও দুস্থ মানুষের কাছে অনেক কিছু।” অনুদানের আওতায় এখনো যাঁরা আসেননি, তাঁরা পরবর্তী সময়ে এ সহায়তা পাবেন বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরো বলেন, “এই সরকার জনগণের সরকার, সত্যিকারের গরিব-অসহায় মানুষের সরকার। এ সরকার সব সময় অসহায়-গরিব মানুষের কথা চিন্তা করে। এ সরকার সব সময় অসহায় মানুষের পাশে ছিল এবং থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি হাসানুর রহমান হাসুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সানা/আপ্র/১৮/১০/২০২৬