মোঃ নুর জামাল হক, রংপুর: শারদীয় দুর্গোৎসবের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দেশের অসাম্প্রদায়িক চেতনার বার্তা পৌঁছে দিতে রংপুরের ঐতিহাসিক ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মন্দির চত্বরে পৌঁছালে পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি মণ্ডপ ঘুরে দেখেন এবং প্রতিমা অবলোকন করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মাটি ও মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের যেকোনো প্রান্তে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো ভেদাভেদ নেই; এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে।”
পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মন্দিরের সার্বিক কার্যক্রম এবং উৎসবের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে কড়া নির্দেশ দেন যাতে সনাতন ধর্মাবলম্বীরা সম্পূর্ণ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।
পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রধানগণ, বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেএমএএ/আপ্র/২০.১০.২০২৬