গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সয়াবিন সিন্ডিকেটের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ জরুরি

খান মুহঃ আশরাফুল আলম

খান মুহঃ আশরাফুল আলম

প্রকাশিত: ১৯:৩৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪২ এএম ২০২৬
সয়াবিন সিন্ডিকেটের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ জরুরি
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট এবং এর আড়ালে চলা কৃত্রিম সংকট ও দাম বাড়ানোর পাঁয়তারা সাধারণ মানুষের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। নিত্যপ্রয়োজনীয় এ খাদ্যপণ্যটি কিনতে গিয়ে ভোক্তাদের দোকানে দোকানে ঘুরে খালি হাতে ফিরতে হচ্ছে কিংবা কোনো কোনো স্থানে অতিরিক্ত মূল্য গুনতে বাধ্য হতে হচ্ছে। পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা দোকান পর্যন্ত তেলের সরবরাহ স্বাভাবিক থাকার কথা থাকলেও বাস্তবে এর চিত্র ভিন্ন। কখনো ডিলারদের কারসাজি, কখনো আবার মিলগেট থেকে সরবরাহ হ্রাসের অজুহাতে বাজারে ভোজ্যতেলের এই কৃত্রিম সংকট তৈরি করা হয়। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যে প্রাত্যহিক হিসাব-নিকাশ থাকে, তেলের এই মূল্যবৃদ্ধি ও অনুপস্থিতি এর সম্পূর্ণ ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। বাজারের এই আকস্মিক অস্থিরতা প্রমাণ করে, সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাপনায় কার্যকর তদারকি ও জবাবদিহির অভাব রয়েছে- যার খেসারত দিতে হচ্ছে সাধারণ ক্রেতাকে।

বলা বাহুল্য, সয়াবিন সংকটের পেছনে বাজার সিন্ডিকেটের কারসাজি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতো নিয়ন্ত্রক সংস্থাগুলোর মাঠপর্যায়ে সমন্বিত ও ধারাবাহিক তদারকির ঘাটতি স্পষ্ট। আন্তর্জাতিক বাজারে দাম কমা বা বৃদ্ধির দোহাই দিয়ে দেশে মুহূর্তের মধ্যে তেলের বাজার অস্থিতিশীল করে তোলা হলেও সংকট কাটানোর কার্যকর কোনো দীর্ঘমেয়াদি পদক্ষেপ নজরে আসে না। ডিলারদের কাছে তেল থাকার পরও খুচরা বিক্রেতাদের কাছে কম সরবরাহের অভিযোগ বা বোতলজাত তেলের বদলে খোলা তেল বেশি দামে বিক্রির প্রবণতা এক ধরনের অসাধুচক্রের ইঙ্গিত দেয়। বাজার মনিটরিংয়ে নিয়মিত অভিযান ও জরিমানা করা হলেও সিন্ডিকেটের শিকড় এত গভীরে যে, সাময়িক পদক্ষেপে তা নির্মূল করা সম্ভব হয় না। এ জন্য প্রয়োজন জোরালো ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা- যাতে কোনো পক্ষই জনজীবনের মৌলিক চাহিদা নিয়ে এভাবে ছিনিমিনি খেলার সাহস না পায়। তাই মিলগেট থেকে ডিলার ও পাইকারি থেকে খুচরা বাজার পর্যন্ত প্রতিটি স্তরের সাপ্লাই চেইন রিয়েল টাইম মনিটরিংয়ের আওতায় আনতে হবে।

বলার অপেক্ষা রাখে না, সাধারণ ভোক্তা যখন প্রতিটি পণ্যের উচ্চমূল্যের চাপে বিপর্যস্ত, তখন তেল পাওয়ার এই অনিশ্চয়তা মানসিক ও আর্থিক- উভয় চাপ বাড়িয়ে দিচ্ছে। এ সংকট উত্তরণে অবিলম্বে সরকারকে বহুমাত্রিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যদিকে কৃত্রিম সংকট সৃষ্টিকারী বা মজুতদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনা করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ছাড়া আমদানিকারক ও মিল মালিকদের সঙ্গে জরুরি বৈঠক করে তেলের দৈনিক উৎপাদন, সরবরাহ এবং মজুত পরিস্থিতি উন্মুক্ত ও স্বচ্ছ করতে হবে- যাতে কোনো রকম বিভ্রান্তির সুযোগ না থাকে। একই সঙ্গে বিকল্প ভোজ্যতেলের সরবরাহ বা ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে সেলস পয়েন্টের পরিসর বৃদ্ধি করা যেতে পারে। বাজার সাধারণ মানুষের নাগালে রাখতে প্রশাসনকে কেবল কাগজ-কলমে সীমাবদ্ধ না থেকে মাঠে দৃশ্যমান ও দৃঢ় ভূমিকা পালন করতে হবে- যাতে সাধারণ ক্রেতা কোনো ধরনের হয়রানি ছাড়াই তার নিত্যপ্রয়োজনীয় পণ্যটি ক্রয় করতে পারেন। তাই আমাদের প্রত্যাশা, সয়াবিন তেল সিন্ডিকেটের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা।

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

রাজধানীর লেকগুলো দূষণ রোধে চাই নির্দেশনার বাস্তবায়ন
১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর লেকগুলো দূষণ রোধে চাই নির্দেশনার বাস্তবায়ন

রাজধানীর ফুসফুসখ্যাত ও সৌন্দর্যবর্ধনকারী লেক এবং জলাধারগুলো আজ দীর্ঘস্থায়ী অবহেলা, দখল ও দূষণে মুমূর...

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি: শুধু চোরের অপবাদ নয়, চাই কঠোর জবাবদিহি
১৭ সেপ্টেম্বর ২০২৬

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি: শুধু চোরের অপবাদ নয়, চাই কঠোর জবাবদিহি

সরকারি কর্মকর্তাদের একটি বড় অংশকে ‘চোর’ আখ্যা দেওয়ার মতো কঠোর বক্তব্য যখন রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ: ইতিহাস মুছে নতুন ইতিহাস লেখার চেষ্টা কেন
১৬ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ: ইতিহাস মুছে নতুন ইতিহাস লেখার চেষ্টা কেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর...

বেসরকারি চাকরিজীবীদের অধিকার নিয়ে আর কালক্ষেপণ নয়
১৫ সেপ্টেম্বর ২০২৬

বেসরকারি চাকরিজীবীদের অধিকার নিয়ে আর কালক্ষেপণ নয়

দেশের শ্রমবাজারের দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ বেসরকারি খাতের সঙ্গে যুক্ত, অথচ তাঁদের বড় একটি অংশ এখনো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে