আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নজরুলের সৃষ্টিকর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
গত সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উপাচার্য বলেন, ‘ত্রিশাল হলো নজরুল সংস্কৃতির হেরিটেজ আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হলো নজরুলের ভ্যানগার্ড। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ২০২৬-২৭ সালকে নজরুল বর্ষ এবং ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা করেছেন। এর ফলে নজরুলের সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে আমাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। মুখ্য আলোচক হিসেবে অনলাইনে যুক্ত হয়ে আলোচনা করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সামগ্রিক সৃষ্টিকর্মের চর্চা এবং প্রচারকে আরো বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সানা/আপ্র/১৩/১০/২০২৬