গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

ছাত্রীকে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ; রুবেল আনছারের বিরুদ্ধে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

যৌন হয়রানির প্রমাণে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাকরিচ্যুত

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১৪:০৪ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৪৭ এএম ২০২৬
যৌন হয়রানির প্রমাণে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাকরিচ্যুত
ছবি

চাকরিচ্যুত অধ্যাপক রেজাউল ইসলাম -ছবি সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সিন্ডিকেট সভায় অধ্যাপক রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সমগোত্রীয় প্রতিষ্ঠানকে এ সিদ্ধান্ত জানানো হবে।”

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ ও নিরোধ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত জুন মাসের মাঝামাঝি এক নারী শিক্ষার্থী অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ করেন। অভিযোগ ওঠার পর তাকে অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, তিনি মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্তমূলক ও অশালীন বার্তা পাঠিয়েছিলেন। পরে ভুক্তভোগীর পক্ষে বার্তার স্ক্রিনশটসহ লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ ও নিরোধ কেন্দ্রে জমা দেওয়া হয়।

অভিযোগের পর ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন ও অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অধ্যাপক রেজাউল ইসলামের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে যৌন হয়রানি প্রতিরোধ ও নিরোধ কেন্দ্রের ২৩ ও ২৪ নম্বর অভিযোগের তদন্ত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে সিন্ডিকেট পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দুটি অভিযোগের একটি বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক মো. রুবেল আনছারের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্তাধীন রয়েছে।

সম্প্রতি রেজাউল ইসলাম ও রুবেল আনছারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং বিজয় ’২৪ হলের ক্যানটিনকর্মী ইমাম হাসানের বিরুদ্ধে গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়ে তীব্র আন্দোলন শুরু হয়।

শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। ২৩ জুলাই তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন। পরে ২৬ জুলাই সকালে তালা খুলে দেওয়া হলেও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত রয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো— বিজয় ’২৪ হলের ক্যানটিনকর্মী ইমাম হাসানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট হল প্রভোস্ট বডিকে জবাবদিহির আওতায় আনা; যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত অধ্যাপক রেজাউল ইসলাম ও অধ্যাপক রুবেল আনছারকে স্থায়ীভাবে বহিষ্কার করা; এবং সম্প্রতি গঠিত ‘স্পন্দন-২৪’ ক্লাবের নিবন্ধন বাতিল করা।

বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এ ঘটনাগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধব্যবস্থা, প্রশাসনিক জবাবদিহি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শিক্ষার্থীরা বলছেন, শুধু একজন শিক্ষককে চাকরিচ্যুত করাই যথেষ্ট নয়; সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সানা/আপ্র/৩১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুয়েটে এবার চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
৩০ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে এবার চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম...

ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ দেওয়া হচ্ছে। নির্...

পাস করা শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী
২৮ সেপ্টেম্বর ২০২৬

পাস করা শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায়...

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর
২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে এখনো তথ্য যাচাই-বাছাই বাকি রয়েছে ৮১৭ জনের। তাদের ঠিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে