সন্তান জন্ম দেওয়ার পর সাবেক জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। কয়েক মাস ধরে তার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ থামছে না। সম্প্রতি আম্বানি পরিবারের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর সেই সমালোচনা আ তীব্র হয়ে সাইবার হয়রানির রূপ নেয়। তবে নীরব না থেকে প্রকাশ্য মঞ্চে ক্যাটরিনার পক্ষে কথা বলেছেন বলিউড তারকা সালমান খান।
‘বিগ বস’-এর মঞ্চে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমের সমালোচকদের জবাব দেন সালমান। আর এই ঘটনায় অতীতের সব তিক্ততা ভুলে সালমানের প্রশংসা করেছেন বিবেক ওবেরয়। দুই দশক আগে বলিউড তারকা ঐশ্বরিয়া রাইকে কেন্দ্র করে সালমান খান ও বিবেক ওবেরয়ের দ্বন্দ্ব ছিল মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গনের বহুল আলোচিত ঘটনা।
২০০৩ সালে এক সংবাদ সম্মেলন ডেকে সালমানের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনেছিলেন বিবেক। এরপর থেকেই দুজনের সম্পর্কের অবনতি ঘটে। এই ঘটনা বিবেকের অভিনয়জীবনেও বড় প্রভাব ফেলেছিল বলে মনে করেন সিনেমাপ্রেমীদের অনেকে। তবে ২০২৬ সালে এসে সেই পুরোনো বিরোধের বাইরে গিয়ে সালমানের অবস্থানকে প্রকাশ্যে সমর্থন করেছেন বিবেক।
সম্প্রতি ‘ক্যান্সার পেশেন্টস এইড অ্যাসোসিয়েশন’ আয়োজিত একটি সচেতনতামূলক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন বিবেক। সেখানে সালমানের প্রতিবাদের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘ট্রলিং একটি অত্যন্ত ক্ষতিকর মানসিকতা। এ ধরনের নেতিবাচক চর্চা থেকে সবার দূরে থাকা উচিত। জীবনে ইতিবাচক অনেক সুন্দর কাজ করার আছে। অযথা কেন আমরা কারও ব্যক্তিগত জীবন বা শারীরিক গঠন নিয়ে মন্তব্য করব?’
অতীতে সম্পর্কের তিক্ততা থাকলেও নারী ও সহকর্মীর প্রতি সম্মান প্রদর্শনের প্রশ্নে সালমানের অবস্থানকে সমর্থন করেছেন বিবেক। ক্যাটরিনাকে নিয়ে সামাজিক মাধ্যমে চলা কটাক্ষের বিরুদ্ধে সালমানের প্রতিবাদের প্রতি তার এই সমর্থন পুরোনো বিরোধের বাইরে নতুন এক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
সালমানের প্রতিবাদ এবং পুরোনো তিক্ততা ভুলে বিবেকের তার পাশে দাঁড়ানোর ঘটনাকে ইতিবাচকভাবে দেখছেন ভক্ত ও বিনোদন বিশ্লেষকেরা।
এসি/আপ্র/২৪/৯/২০২৬