শরতের নীল আকাশ, সাদা কাশফুল আর প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে নতুনভাবে মেলে ধরলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী। ফিরোজা রঙের শাড়ি পরে কাশবনে ঘুরে বেড়ানোর একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে তাঁর সাজ ও সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করছেন অনুরাগীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের সত্যায়িত ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন পূজা। সেখানে দেখা যায়, ফিরোজা রঙের শাড়িতে সেজে কাশবনে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। কখনো হাতে কাশফুল নিয়ে, কখনো কাশফুলের পাশে আবার কখনো গাছের ছায়ায় দাঁড়িয়ে আলোকচিত্রীর ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।
ছবিগুলোর সঙ্গে শরতের সৌন্দর্য ও আসন্ন দুর্গাপূজার আমেজ তুলে ধরে একটি বার্তাও দিয়েছেন অভিনেত্রী।
পূজা লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’
শরতের আগমনের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতিও শুরু হয়। পূজার প্রকাশিত ছবি ও বার্তায় সেই উৎসবের আনন্দ এবং দেবী দুর্গার আগমনের অপেক্ষার অনুভূতি ফুটে উঠেছে।
এদিকে কাশবনে পূজার ছবিগুলো প্রকাশের পরপরই তাঁর অনুরাগীরা মন্তব্যের ঘরে প্রশংসায় ভরিয়ে দেন। কেউ লিখেছেন, ‘সৌন্দর্যের কোনো সীমা নেই।’ আরেকজনের মন্তব্য, ‘কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য।’ কেউ কেউ অভিনেত্রীকে আগাম দুর্গাপূজার শুভেচ্ছাও জানিয়েছেন।
ছবি প্রকাশের আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে তার পোস্টে এক হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।
অভিনয়ের ক্ষেত্রে অবশ্য কিছুদিন ধরে অনেকটাই নীরব রয়েছেন পূজা চেরী। দীর্ঘদিন নতুন কোনো চলচ্চিত্রের খবরে তাকে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ তাকে দেখা গেছে সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে। যদিও সিনেমাটির শুটিং হয়েছিল কয়েক বছর আগে।
এসি/আপ্র/২৮/৯/২০২৬