গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তেজগাঁওয়ের ১২ জনের জঙ্গি সংশ্লিষ্টতা, গড়তে চায় ‘ইত্তেহাদুল উম্মাহ’: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৫ এএম ২০২৬
তেজগাঁওয়ের ১২ জনের জঙ্গি সংশ্লিষ্টতা, গড়তে চায় ‘ইত্তেহাদুল উম্মাহ’: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

তেজগাঁও কলেজের মসজিদে জুমার নামাজের পর আটক ২৩ জনের মধ্যে ১২ জনের উগ্রবাদী তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি সংগঠন গড়ে খেলাফত প্রতিষ্ঠার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তেজগাঁও কলেজের মসজিদে আটকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, গত শুক্রবার জুমার নামাজের পর কিছু লোক নামাজ শেষ হলেও মসজিদে বসে আলাপ-আলোচনা করছিলেন। গোয়েন্দা সংস্থার কাছে এ ধরনের তৎপরতার তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তির সংখ্যা প্রায় ২৩ জন ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটকের পর তাদের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা করা হয়। পাশাপাশি পার্শ্ববর্তী থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে প্রায় ১১ জনের বিরুদ্ধে তেমন কোনো সাক্ষ্য, প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি। পরে তাদের অভিভাবক ও সমাজের মুরব্বিদের ডেকে ওই ১১ জনকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

বাকি ১২ জনের বিষয়ে তিনি বলেন, মুঠোফোনের ফরেনসিক প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য থেকে দেখা গেছে, তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি সংগঠন করতে চেয়েছিলেন। তারা খেলাফত প্রতিষ্ঠার পরিকল্পনা করছিলেন এবং উগ্রবাদী তৎপরতার জন্য সংগঠিত হতে চেয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্রবাদী তৎপরতার বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে এ বিষয়ে আরও তথ্য উদ্ঘাটিত হবে।

অপরাধের কারণও খুঁজে দেখতে হবে

আইন ও সালিশ কেন্দ্রের দুই মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের তথ্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংস্থাটির দেওয়া তথ্য পরীক্ষা করে দেখা হবে। কোন ঘটনা কীসের সঙ্গে জড়িত এবং সেসব বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ কী, তা নিয়েও আলোচনা করা যেতে পারে।

তিনি বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর সরকার ব্যবস্থা নিচ্ছে, অপরাধীদের গ্রেফতার করছে এবং বিচারের মুখোমুখি করছে। এটি একটি ধাপ। তবে কেন অপরাধ সংঘটিত হচ্ছে, তার পেছনের কারণও খুঁজে দেখা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সাইবার পরিসরে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে মাদক, জুয়া কিংবা অন্যান্য পর্নোগ্রাফিক অপরাধের যোগসূত্র রয়েছে।

তিনি বলেন, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কাজ করতে হবে, যাতে যুবসমাজ এসব কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট না হয়।

এ কারণে সরকারি পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও স্কুল পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা এবং অন্যান্য নৈতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর মাধ্যমে যুবসমাজকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে বিকশিত করে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব কাজে সময় লাগবে। সমাজে পচন, অবক্ষয় ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে। এখন তার বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। সমাজের সব সচেতন নাগরিক নিজ নিজ দায়িত্ব পালন করলে একটি সুশিক্ষিত ও দক্ষ জাতি গঠন করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, অপরাধ সংঘটিত হলে সেই অপরাধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ। দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত প্রতিটি গুরুতর ও জঘন্য অপরাধের ঘটনা দ্রুততম সময়ে উদ্ঘাটন করে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।

তবে যেসব ঘটনা তদন্তসাপেক্ষ ও সময়সাপেক্ষ, সেগুলোর অগ্রগতি তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে বলে জানান তিনি।

গ্যাস-বিদ্যুৎ সংকট বৈশ্বিক, দেশীয় সম্পদে জোর

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে এ সমস্যা নিজেদের কারণে সৃষ্টি হয়নি। এটি একটি বৈশ্বিক সমস্যা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এ সংকট তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেল ও গ্যাসের যে মূল্যবৃদ্ধি হয়েছে, তার তুলনায় বাংলাদেশে দাম কম বাড়ানো হয়েছে। পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে প্রায় দ্বিগুণ মূল্যবৃদ্ধি হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। ব্যাংকিং ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসহ পুরো আর্থিক ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় ছিল।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে এক ধরনের সংকট তৈরি হয়েছে। আরেকটি সমস্যা হলো, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও সেসব কেন্দ্রে গ্যাস সরবরাহের লাইন বা পর্যাপ্ত গ্যাসের সংস্থান নেই। গ্যাস কোথা থেকে আসবে, সেটিও নিশ্চিত করা হয়নি; অথচ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্যাসের অভাবে যেসব বিদ্যুৎকেন্দ্র পূর্ণমাত্রায় চালু করা যাচ্ছে না, এর পেছনে আগের সরকারের সময়ে বিদেশের ওপর নির্ভরশীল একক উৎস থেকে গ্যাস আমদানি এবং দেশের কিছু ব্যক্তি ও ব্যবসায়িক গোষ্ঠীকে গ্যাসের ব্যবসা দেওয়ার বিষয়টি ছিল।

অথচ বাংলাদেশের সমুদ্র ও স্থলভাগে থাকা গ্যাস অনুসন্ধানে তৎকালীন সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, বর্তমান সরকার স্বল্প সময়ের মধ্যে পরিকল্পিতভাবে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। সমুদ্র ও স্থলভাগে কূপ খননের কাজ চলছে এবং অনুসন্ধান কার্যক্রম চালু করা হয়েছে। সমুদ্রের বিভিন্ন ব্লকের বিষয়েও সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

তিনি বলেন, গতকালও জাতীয় গ্যাস গ্রিডে প্রায় ১২ মিলিয়ন ঘনমিটার গ্যাস যুক্ত হয়েছে। এভাবে প্রায় ১৫০টি কূপ খননের কাজ চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় সম্পদ আহরণের চেষ্টা না করে বিদেশের ওপর নির্ভরতার কারণে গ্যাস খাতে সমস্যা তৈরি হয়েছে। বর্তমান সরকার এ সমস্যা মোকাবিলায় পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। বাংলাদেশ গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হবে এবং বিদেশের ওপর নির্ভরশীল থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশের নির্ভরতা রয়েছে। তবে সরকার একক উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহ করবে না। বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

দেশের স্বার্থে সরকারের সব পরিকল্পনা নেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দেশের জনগণকে স্বস্তি দিতে চায়। একই সঙ্গে শিল্প ও বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, এর পূর্বশর্ত হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে। সরকার সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে কি না বা অবনতি হয়েছে কি না, তা নির্ভর করবে সংগঠিত অপরাধের পর সরকার এবং পুলিশ বিভাগের নেওয়া পদক্ষেপের ওপর।

তিনি বলেন, বিচারপ্রক্রিয়ার সঙ্গে সরকার সরাসরি জড়িত নয়। সরকার বিচার বিভাগকে সহযোগিতা করে। বিচারিক কার্যক্রম পরিচালনা করে স্বাধীন বিচার বিভাগ। সরকার তাদের সহযোগিতা করবে এবং আশা করবে, ঘৃণ্য অপরাধগুলোর বিচার দ্রুত শেষ হবে।

জাতিতে বিচারের সংস্কৃতি ফিরে আসবে উল্লেখ করে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে যেসব অপরাধ উৎসাহিত হয়, তা বিলুপ্ত হবে।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে ইঙ্গিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সর্বশেষ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবে। তিনি নিজে এ বিষয়ে হালনাগাদ তথ্য জানেন না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে এখন পর্যন্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও আওয়ামী লীগের নেতাদের প্রত্যর্পণের জন্য বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকারের কাছে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। সরকার বিষয়টি অনুসরণ করছে। ভারত সরকার বিষয়টি আমলে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসি/আপ্র/২০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
২০ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

হাইকোর্টের পর এবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাত্র...

অপ্রতীম হত্যাকাণ্ডে গ্রেফতার ৪ জনের মধ্যে সরাসরি জড়িত তিন: পুলিশ সুপার
২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যাকাণ্ডে গ্রেফতার ৪ জনের মধ্যে সরাসরি জড়িত তিন: পুলিশ সুপার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্...

ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানালো পুলিশ
২০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানালো পুলিশ

দুইদিন ধরে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে রাজধানী ঢাকায়। হঠাৎ এমন ভীতিজনক কর্মকাণ্ডের জন্য কা...

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই