গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তৃণমূল থেকে আইজিপি নিজেদের সংশোধন করুন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৪ এএম ২০২৬
তৃণমূল থেকে আইজিপি নিজেদের সংশোধন করুন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

আইজিপি থেকে তৃণমূল পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্রুত নিজেদের সংশোধন করুন। দায়িত্ব পালনে শৃঙ্খলা ভঙ্গ বা কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে শুধু বিভাগীয় শাস্তির মধ্যে বিষয়টি সীমাবদ্ধ রাখা হবে না। একই সঙ্গে প্রচলিত ফৌজদারি আইনে ব্যবস্থা এবং হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‌‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের কিছু মেসেজ দিতে চাই। গণতান্ত্রিক ভিত্তির ওপর, জনআকাঙ্ক্ষা ও ব্যাপক জনপ্রত্যাশার ওপর এবং তরুণদের দুই-তৃতীয়াংশের সমর্থনের ওপর দাঁড়িয়ে গঠিত সরকার অত্যন্ত শক্তিশালী।

তিনি বলেন, আমরা পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ডে বিশ্বাস করি। প্রতিনিয়ত শিষ্টের পালন এবং দুষ্টের দমন করে যাচ্ছি। হয়তো শতভাগ ন্যায়বিচার আমরা প্রত্যেকের ক্ষেত্রে পালন করতে পারছি না। কিন্তু সময় পেরিয়ে যায়নি।

শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে কঠোর হওয়ার বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতেও আমরা পিছপা হব না, যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে। আশা করি মেসেজটা পেয়েছেন। আপনাদের সামনে অবারিত সুযোগ। নিজেদের সংশোধন করুন।

তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যায় পর্যন্ত সবার প্রতি তার বার্তা হলো- সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা রক্ষায় এবং জনপ্রত্যাশা পূরণে সরকার কঠোর হতে বাধ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পতিত ফ্যাসিবাদের শক্তি অন্যান্য বাহিনীর মতো পুলিশ বাহিনীকেও অপব্যবহার করেছে, রাজনৈতিকভাবে মিসইউজ করেছে, অ্যাবিউজ করেছে এবং জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। অনেকে বাধ্য হয়েছেন নির্দেশ, অবৈধ নির্দেশ, বেআইনি নির্দেশ পালন করতে। কিন্তু আমরা সুযোগ দিয়েছি আপনাদের সবাইকে সংশোধনের, জনআস্থা অর্জনের।

পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন এমন তথ্য সরকারের কাছে রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, লোয়ার লেভেলে, মাঠ পর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা করার এবং ক্ষেত্রমতে ফ্যাসিবাদের শক্তিকে কেউ কেউ গোপনে সংবাদ দিয়ে অথবা অন্যভাবে সহযোগিতা করার সংবাদ, ইনফরমেশন, তথ্য আমাদের কাছে আছে।

তিনি বলেন, আমি গ্র্যাজুয়ালি যাচ্ছি, কিন্তু খুব নম্রভাবে সংশোধন হওয়ার সুযোগও দিয়েছি।

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পুলিশ অফিসার, যে পদবীরই হোক, যদি জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হন তাহলে তার পরিণতি ভালো হবে না।

পুলিশকে জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণ এখন আমাদের রাজা-বাদশা দেখতে চায় না। তারা জনবান্ধব পুলিশ দেখতে চায়। কোথাও গিয়ে আপনারা সিনিয়র অফিসাররা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যেটা জনগণের চোখে অস্বাভাবিক লাগে, অগণতান্ত্রিক লাগে। এমন কোনো আচরণ অধীনস্থদেরও অনুমতি দেবেন না বা প্রশ্রয় দেবেন না, যে কর্মকাণ্ড সমাজের চোখে, জনগণের চোখে অস্বস্তি, অশান্তি বা পীড়া দেয়।

তবে দায়িত্ব পালনের সময় সৎ উদ্দেশ্যে হওয়া ছোটখাটো ভুলকে আলাদাভাবে বিবেচনার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভুলত্রুটি থাকবে। ইন গুড ফেইথ আইনও সেটা ক্ষমা দেবে। যদি ইন গুড ফেইথ কর্তব্য পালন করতে গিয়ে ছোটখাটো ভুলত্রুটি হয়, সেটা অবশ্যই সেভাবে দেখা হবে।

এরপরই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ডিসিপ্লিনারি অ্যাকশন এবং ক্রিমিনাল অফেন্স একসঙ্গে কার্যকর করা হবে। শুধু বিভাগীয় শৃঙ্খলা কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকব না। সঙ্গে যদি কোনো ক্রিমিনাল অফেন্স সংঘটিত হয়ে থাকে, তার জন্য একই সঙ্গে সেটা ক্রিমিনাল ল, পেনাল কোড, সিআরপিসি যাই হোক, সেই অনুযায়ী জাস্টিসের আওতায় আনা হবে।

বিভাগীয় শাস্তির মধ্যেই ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে- এমনটা ভাবার সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা ভাবার কোনো কারণ নেই যে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে, ডিপার্টমেন্টাল প্রসিডিউর হবে, তিরস্কার হবে বা লঘু দণ্ড-গুরু দণ্ড হবে। আমাদের জনপ্রত্যাশা পূরণ করতে হবে।

২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়ে তিনি বলেন, ২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানের যে পরিবর্তনের ইচ্ছা, যে বৈষম্যহীন সমাজ পরিবর্তনের ইচ্ছা, যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন করতে হবে।

পুলিশ বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনে ব্যাপক হারে শর্ট কোর্সের মাধ্যমে অফিসার এবং বিভিন্ন পদবিতে নিয়োগ দেব। এই মেসেজটা আপনারা বুঝে নেন।

তিনি আরো বলেন, প্রয়োজনে আমাদের পুলিশের স্ট্রেন্থ, সংখ্যা, ইকুইপমেন্ট, লজিস্টিকস সবকিছু বাড়ানো হবে, বাড়িয়ে যাচ্ছি।

এসি/আপ্র/২৬/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৬ সেপ্টেম্বর ২০২৬

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই