কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা ফ্যাসিবাদ ও আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবেন, তাদের পুরস্কৃত করা হবে। গত সপ্তাহে এ ধরনের দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আগের দিনও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়ে বলেন, এতদিন এসব ব্যক্তি দেশে লুকিয়ে ছিলেন। পুলিশের গোয়েন্দা সহায়তা কোথায় ছিল, সেই প্রশ্নও তোলেন তিনি। অন্যান্য সংস্থার গোয়েন্দা সহায়তার সঙ্গে পুলিশের তথ্য মিলিয়ে দেখার পাশাপাশি নিজেদের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি জাতিসংঘের হিসাবের বরাত দিয়ে এক মাসে দেশের প্রায় ১ হাজার ৪০০ নাগরিক হত্যার শিকার হওয়ার দাবি করেন। পাশাপাশি গত ১৭ বছরের বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন হিসাবের কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, যারা এক মাসে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করতে পারে, আকাশ থেকে গুলি চালিয়ে দেশের নাগরিকদের হত্যা করতে পারে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে দেশকে গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত করেছিল, সেই শক্তিকে বাংলাদেশের মানুষ আবার রাজনীতিতে দেখতে চায় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, এসব ঘটনার পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা দুঃখ প্রকাশ, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করেননি। তারা বাংলাদেশের বাইরে থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতি ও প্রক্রিয়া অনুযায়ী চলবে।
অনুষ্ঠানে ৯৮ পুলিশ সদস্যকে রাষ্ট্রপতির পুলিশ পদক ও বাংলাদেশ পুলিশ পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৬/৯/২০২৬