রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে খাদিজা আক্তার নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা দুলাল হোসেন জানান, তিনি পেশায় পরিচ্ছন্নতাকর্মী। সকালে খাদিজার মা কাজে ব্যস্ত থাকার সুযোগে শিশুটি অসাবধানতাবশত দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুলাল হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি থানা এলাকায়। বর্তমানে তারা বনানীর সাততলা বস্তিতে বসবাস করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সানা/আপ্র/২৭/৯/২০২৬