গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘অসমাপ্ত আত্মজীবনী’ রাখায় ইউপিএল বিক্রয়কেন্দ্রে হট্টগোল, দুই কর্মী হেনস্তা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৮ এএম ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ রাখায় ইউপিএল বিক্রয়কেন্দ্রে হট্টগোল, দুই কর্মী হেনস্তা
ছবি

ছবি সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির ঘটনায় প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় দুই কর্মীকে ধরে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলে তাঁদের ছেড়ে দেয়। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দুই কর্মীকে থানায় না নিয়ে স্থানীয় ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছিল। সেখান থেকেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, ‘স্থানীয় বিএনপির লোক’ হিসেবে পরিচিত কিছু ব্যক্তি বিক্রয়কেন্দ্রে গিয়ে দুই কর্মীকে ধরে পুলিশে দেন। তবে তাঁদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের এই বক্তব্যের বাইরে স্বাধীন কোনো তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

ইউপিএলের সম্পাদনা বিভাগের পরিচালক ফিরোজ আহমেদ বলেন, সোমবার বিকেলে কয়েকজন ব্যক্তি বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রে এসে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কিনতে চান। বইটি দেখানোর পর তাঁরা সেটিকে ‘নিষিদ্ধ’ দাবি করে কেন বিক্রি করা হচ্ছে, তা জানতে চান।

ইউপিএলের দেওয়া বিবৃতি অনুযায়ী, একপর্যায়ে ওই ব্যক্তিরা আক্রমণাত্মক আচরণ শুরু করেন এবং আশপাশের লোকজন জড়ো করেন। পরে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে দুই কর্মীকে ধরে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

ফিরোজ আহমেদ বলেন, “তারা ‘অসমাপ্ত আত্মজীবনীকে’ নিষিদ্ধ বই হিসেবে দাবি করে এবং এর বিপণন বন্ধ করার দাবি জানায়। তখনই আমাদের পক্ষ থেকে প্রশ্নকারীদের জানানো হয়েছে যে, বইটি নিষিদ্ধ নয়। এরপরেও তারা দোকানের শাটার লাগিয়ে দিয়ে আমাদের দুইজন বিক্রয়কর্মীকে প্রবল হয়রানি করেছে।”

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইউপিএল আগে থেকেই শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশ করে আসছে। তাদের কাছে আগে ছাপানো পুরোনো বইয়ের কোনো কপি থাকায় এ নিয়ে কিছু লোক আপত্তি তুলতে পারেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি মতিউর রহমান বলেন, পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলেছে এবং পরে দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।

‘বই নিষিদ্ধ করতে নির্দিষ্ট প্রক্রিয়া প্রয়োজন’: ঘটনার পর দেওয়া লিখিত বিবৃতিতে ইউপিএল এটিকে ‘অপ্রত্যাশিত’ ঘটনা উল্লেখ করে বলেছে, কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ, সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়। ‘অসমাপ্ত আত্মজীবনী’র ক্ষেত্রে এ ধরনের কোনো পদক্ষেপের কথা তাদের জানা নেই বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ইউপিএল বলেছে, সরকার বা আদালতের পক্ষ থেকে যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হলে তারা সে অনুযায়ী আইন মেনে ব্যবস্থা নেবে।

ঘটনাটিকে জাতির জন্য ‘অত্যন্ত লজ্জার এবং দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে প্রকাশনা প্রতিষ্ঠানটি বলেছে, তারা প্রায় সব সরকারের আমলেই কোনো না কোনো ধরনের চাপের মুখে পড়েছে। বিভিন্ন সময় সরকার, ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন বই নিয়ে আপত্তি জানানো হয়েছে বলেও তারা দাবি করেছে।

বিবৃতিতে ইউপিএল আরো দাবি করেছে, আগের সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে তাদের প্রকাশিত একটি বইয়ের জন্য প্রতিষ্ঠানটিকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। কিছু পাণ্ডুলিপি প্রকাশে অসম্মতি জানালে সরকারি হেনস্তার শিকার হতে হয়েছে বলেও দাবি করেছে তারা। মওদুদ আহমেদের গ্রন্থাবলি এবং অধ্যাপক আসিফ নজরুলের গঙ্গাচুক্তি বিষয়ক গ্রন্থ প্রকাশ নিয়েও বিভিন্ন সময়ে চাপের মুখে পড়ার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

প্রকাশনা প্রতিষ্ঠানটি বলেছে, প্রকাশক হিসেবে তারা যথাসম্ভব এসব চাপ উপেক্ষা করেছে। এ কারণে বিভিন্ন সময়ে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রকাশনার মৌলিক মানদণ্ড থেকে সরে আসেনি।

ইউপিএলের দাবি, প্রতিটি পাণ্ডুলিপি স্বাধীন পর্যালোচকদের মাধ্যমে যাচাই করে তাঁদের মূল্যায়ন ও মতামতের ভিত্তিতে বই প্রকাশ করা হয়। কোনো চাপের কারণে প্রকাশিত বই সরিয়ে না নেওয়াই তাদের নীতিগত অবস্থান।

‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে ইউপিএল বলেছে, বইটি বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের সূত্রপাতের প্রেক্ষাপট বোঝার জন্য গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ যথাযথ আইনগত প্রক্রিয়ায় বইটি নিষিদ্ধ করলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

ফৌজদারি অপরাধে উসকানি নেই এমন কোনো বইয়ের প্রকাশনা ও বিপণনে হস্তক্ষেপ সংস্কৃতির সার্বিক বিকাশের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। প্রকাশনা শিল্পে ‘গুণ্ডামির রাজত্ব’ প্রতিষ্ঠার আশঙ্কা তুলে ধরে অবৈধ তৎপরতা রাষ্ট্র, সমাজ ও জ্ঞানচর্চার স্বার্থে কঠোরভাবে দমনের আহ্বান জানিয়েছে ইউপিএল।
সানা/ডিসি/আপ্র/২৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চ...

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিন হা...

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’
২৯ সেপ্টেম্বর ২০২৬

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সীমিত পরিসরে আবারো...

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
২৯ সেপ্টেম্বর ২০২৬

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

অসংক্রামক রোগের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে