রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সীমিত পরিসরে আবারো স্বাস্থ্যসেবা চালু হয়েছে। গত বৃহস্পতিবার রাতের হামলায় কেন্দ্রটির বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর মঙ্গলবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে। তবে পানি ও শৌচাগারের পূর্ণ সুবিধা এখনো চালু না হওয়ায় স্বাভাবিক স্বাস্থ্যসেবা দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি।
ছেলেকে টিকা দিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলেন মিরপুরের বাসিন্দা তুহিন খান। তাঁর ছেলে তাহান খানের বয়স ১৬ মাস। কেন্দ্রটির বর্তমান পরিস্থিতি দেখে আক্ষেপ করে তুহিন বলেন, ‘আগের ও বর্তমান পরিস্থিতির কোনো মিল নেই। এখন পুরাই ভাঙাচোরা, ময়লা। আগে কত সুন্দর ছিল জায়গাটা। আমরা এসে কত সুন্দর সেবা পেতাম। সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো।’
হামলার পর গত শনিবার ছেলেকে টিকা দিতে এসে ভিড়, ধুলাবালু ও অনিরাপদ পরিবেশ দেখে ফিরে গিয়েছিলেন তুহিন। তাঁর ভাষ্য, ‘ভাবছিলাম টিকা দিতে পারব না। আজ এসে মোটামুটি ভালো পরিবেশ পেলাম। আজ টিকাও দিলোাম।’
একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সরেজমিনে দেখে জানিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রটির একটি কক্ষে বিদ্যুৎ সংযোগ দিয়ে সিলিং ফ্যান লাগানো হয়েছে। অন্যান্য কক্ষও পরিষ্কার করে সেখানে বিদ্যুৎ সংযোগ ও পাখার ব্যবস্থা করা হয়েছে। তবে এখনো পানির সংযোগ চালু হয়নি। শৌচাগারও পুরোপুরি মেরামত করা হয়নি। পেছনের দিকে একটি বারান্দায় ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণের কাজ চলছে। কেন্দ্রের বিভিন্ন অংশে সংস্কারকাজ চললেও হামলা ও ভাঙচুরের চিহ্ন এখনো স্পষ্ট।
গত বৃহস্পতিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর শনিবার থেকে সীমিত পরিসরে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দুই দিন সড়কের পাশে ত্রিপল টানিয়ে টিকা দেওয়া হয়। সোমবার থেকে কেন্দ্রের একটি ভাঙা কক্ষের ভেতরে টিকাদান শুরু হয়েছে। মঙ্গলবার আগের কয়েক দিনের তুলনায় কেন্দ্রটিতে মানুষের ভিড়ও কিছুটা কম দেখা গেছে।
সীমিত পরিসরে সেবা চালু: রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বলেন, হামলার পর প্রথম দিন কেন্দ্রের বাইরে বসে টিকাদান কার্যক্রম চালাতে হয়েছিল। এখন কেন্দ্রের অবশিষ্ট অবকাঠামোর মধ্যেই সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে। একটি কক্ষ প্রস্তুত করা সম্ভব হয়েছে। সেখানে সরকারি টিকাদান কর্মসূচির টিকা এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচির টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি যেসব সাধারণ স্বাস্থ্যসেবার জন্য ব্যক্তিগত গোপনীয়তার প্রয়োজন হয় না, সেসব সেবাও সীমিত পরিসরে দেওয়া যাচ্ছে।
তবে গর্ভবতী মায়েদের সেবা, প্রসব-পরবর্তী সেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রজননস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা পুরোপুরি চালু করতে অবকাঠামো সংস্কার জরুরি বলে জানান নাসরিন আখতার। এসব সেবা দিতে রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার ব্যবস্থা, পানি, বিদ্যুৎ ও শৌচাগারের মতো মৌলিক সুবিধা পুরোপুরি চালু করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
নাসরিন আখতার জানান, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাঁদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী কেন্দ্রটির অবশিষ্ট স্থাপনা সংস্কার করে কাজের উপযোগী করে দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ওনারা দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করেছেন। আজকের মধ্যে পানি ও বিদ্যুতের বিষয়টি নিশ্চিত করতে পারবেন বলে জানিয়েছেন। শৌচাগারের কাজও শুরু হয়েছে। এখন আমরা আশা রাখি, এগুলো হয়ে যাবে।’ পুরো অবকাঠামো সংস্কার হলে আগের মতো বিস্তৃত পরিসরে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‘এটি শুধু ভাঙচুর নয়, লুটও হয়েছে’: মঙ্গলবার বেলা ১১টার দিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পরে সাংবাদিকদের তিনি বলেন, এটি শুধু ভাঙচুরের ঘটনা নয়; স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে ইট, কাঠ, সিমেন্ট ও রড পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কীভাবে ঘটতে পারে এবং এর মাধ্যমে রাষ্ট্রের জন্য কী ধরনের দৃষ্টান্ত তৈরি হচ্ছে, সে প্রশ্নও তোলেন মান্না। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা কয়েক ঘণ্টা ধরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালালেও কাছাকাছি থাকা পুলিশ সময়মতো ব্যবস্থা নেয়নি। তাঁকে জানানো হয়েছে, ৯৯৯ নম্বরে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি।
মান্না বলেন, ‘কারা করেছে, কারা এর সঙ্গে যুক্ত-পুরো বিষয় বের করতে হবে।’ তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে গণমাধ্যমকে ঘটনাটির ওপর নজর রাখার আহ্বান জানান তিনি।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলাকে শুধু সম্পত্তি দখলের ঘটনা হিসেবে দেখার সুযোগ আছে কি না, সে প্রশ্নও তোলেন মান্না। তাঁর বক্তব্য, যদি এটি শুধু সম্পত্তি দখলের ঘটনা হয়, তাহলে এত বড় একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন হামলা কীভাবে দীর্ঘ সময় ধরে চলতে পারল, সেটিও তদন্তের বিষয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কোথাও কোনো স্থাপনা বা জমি নিয়ে বিরোধ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।
সানা/ডিসি/আপ্র/২৯/৯/২০২৬