অজ্ঞাত একটি ই-মেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের তল্লাশি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারো গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি পরিচয় থেকে ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দেওয়া হয়। বার্তায় মঙ্গলবার বেলা ১১টার দিকে একাধিক বোমা হামলার কথা বলা হয়।
হুমকির ই-মেইল পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠায় এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সহযোগিতা কামনা করে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানায়, অজ্ঞাত একটি ই-মেইল পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এদিকে হুমকির ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান। তিনি বলেন, এটিকে সম্ভাব্য কোনো হুমকি হিসেবে মনে করছে না পুলিশ। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার দল তদন্ত করছে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক প্রক্রিয়ায় জোরদার রাখা হয়েছে।
সানা/আপ্র/৬/১০/২০২৬