চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার।
সভায় সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) এবং অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. ফারুক হোসেন। তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।
ডিএমপি কমিশনার বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ ক্ষেত্রে বিট পুলিশিংকে আরো কার্যকর ও গতিশীল করার পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন কমিশনার।
এ ছাড়া সামাজিক অপরাধ প্রতিরোধে মহানগরীর প্রতিটি থানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করে এ কার্যক্রমের মাধ্যমে সামাজিক অপরাধ কমিয়ে আনার নির্দেশনাও দেন ডিএমপি কমিশনার।
সানা/আপ্র/১৩/১০/২০২৬