গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেনু

মহাষ্টমীতে ঢাকেশ্বরীতে বিহিত পূজা, রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৫ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:০৮ এএম ২০২৬
মহাষ্টমীতে ঢাকেশ্বরীতে বিহিত পূজা, রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা
ছবি

ফাইল ছবি

শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে দিনভর পূজা-অর্চনা, অঞ্জলি ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্যাপিত হবে দিনটি। মহাষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মঠে এ পূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে শুরু হবে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা। পরে দুপুরে বিতরণ করা হবে মহাপ্রসাদ।

হিন্দুধর্মীয় বিশ্বাস অনুসারে, কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাঁকে দেবীজ্ঞানে পূজা করা হয়। মহাষ্টমীর দিনে কুমারী পূজা ও সন্ধিপূজা বিশেষ গুরুত্ব বহন করে। দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার সন্ধিপূজা অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ সময়েই দেবী দুর্গা অসুরবিনাশী রূপ ধারণ করেন।

হিন্দুশাস্ত্র অনুসারে, সাধারণত এক থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত কুমারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, বয়সভেদে কুমারীর বিভিন্ন নাম ও রূপ কল্পনা করা হয়েছে। এক বছর বয়সী কন্যা সন্ধ্যা, দুই বছর বয়সী সরস্বতী, তিন বছর বয়সী ত্রিধামূর্তি, চার বছর বয়সী কলিকা, পাঁচ বছর বয়সী সুভাগা, ছয় বছর বয়সী উমা, সাত বছর বয়সী মালিনী, আট বছর বয়সী কুব্জিকা, নয় বছর বয়সী কালসন্দর্ভা, ১০ বছর বয়সী অপরাজিতা, ১১ বছর বয়সী রুদ্রাণী, ১২ বছর বয়সী ভৈরবী, ১৩ বছর বয়সী মহালক্ষ্মী, ১৪ বছর বয়সী পীঠনায়িকা, ১৫ বছর বয়সী ক্ষেত্রজ্ঞা এবং ১৬ বছর বয়সী কুমারী অন্নদা নামে অভিহিত হন।

শ্রীরামকৃষ্ণের শিক্ষা অনুসারে, শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর রূপ অধিক প্রকাশিত হয়। কুমারী পূজার মূল উদ্দেশ্য মাতৃরূপ উপলব্ধি করা এবং নারীর মধ্যে দেবীসত্তার প্রকাশকে শ্রদ্ধা জানানো।

পূজার আনুষ্ঠানিকতায় নির্বাচিত কুমারীকে ভোরে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়। সিঁদুর, আলতা ও ফুল দিয়ে সাজিয়ে সুসজ্জিত আসনে বসানো হয় তাঁকে। এরপর ষোড়শোপচারে, অর্থাৎ ১৬টি উপাচারের মাধ্যমে দেবীজ্ঞানে পূজা করা হয়। এ সময় শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, উলুধ্বনি ও দেবীস্তোত্রে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ।

কুমারী পূজার তাৎপর্য তুলে ধরে পুরোহিতেরা বলেন, আধুনিক পৃথিবীর সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক সংকট মোকাবিলায় নারীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর মাতৃরূপকে মহিমান্বিত করে কুমারী পূজার মাধ্যমে জগতের সব মাতৃজাতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কুমারীর মধ্যে আদ্যাশক্তির রূপ কল্পনা করে ভক্তরা দেবীর প্রতি প্রণতি জানান।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা ভক্তদের দুঃখ-কষ্ট, বাধাবিঘ্ন, ভয়, শোক ও যন্ত্রণা থেকে রক্ষা করেন। মহালয়ার মধ্য দিয়ে দেবীর আগমনের বার্তা ছড়িয়ে পড়ার পর মহাসপ্তমী পেরিয়ে আজ এসেছে মহাষ্টমী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং বিদায় নৌকায়। আগামী মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু হবে বিকেল ৩টার পর। মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে রাজধানীর পলাশীর মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শেষে সদরঘাটের ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। মহা-আরতির মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
সানা/আপ্র/১৯/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানে কুমারী পূজা উদযাপন
১৯ অক্টোবর ২০২৬

রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানে কুমারী পূজা উদযাপন

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মঠ ও মিশনে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্...

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী
১৯ অক্টোবর ২০২৬

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী

মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দে...

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, পদত্যাগের ঘোষণা ইশরাকের
১৯ অক্টোবর ২০২৬

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, পদত্যাগের ঘোষণা ইশরাকের

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...

ভালো কাজের সবচেয়ে বড় শক্তি মানুষের প্রতি আন্তরিক ইচ্ছা: তারেক রহমান
১৯ অক্টোবর ২০২৬

ভালো কাজের সবচেয়ে বড় শক্তি মানুষের প্রতি আন্তরিক ইচ্ছা: তারেক রহমান

দেশের মানুষের মুখে হাসি ফোটানোই বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে