ঝিনাইদহ সংবাদদাতা: শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁন বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুন্দরভাবে দুর্গোৎসব পালন করতে পারেন, সে জন্য বিএনপি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যাতে কোনো ধরনের চক্রান্ত করতে না পারে, সে বিষয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে বলে তারা মনে করেন। বিভিন্ন সময়ে মন্দিরে হামলার ঘটনাগুলোও পরিকল্পিত ছিল বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, এসব ঘটনার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সনাতন ধর্মাবলম্বীরা বেশি ক্ষতির শিকার হবেন। তাদের রক্ষার জন্য আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় সমর্থন ও সহযোগিতা করার প্রয়োজন রয়েছে - এমন একটি ধারণা ভারতকে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ১৬ বছর ক্ষমতায় ছিল ভারতের আশীর্বাদে এবং এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছেন।
রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকার নির্বাচিত হয়ে সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছে। বিএনপি সরকারের সময়ে এবারই প্রথম শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন স্থান থেকে তারা তথ্য পেয়েছেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগ চক্রান্ত করতে পারে এবং ভারতকে বোঝানোর চেষ্টা করতে পারে যে, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকায় সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছেন।
ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, সেখানে কীভাবে গুজব ছড়ানো হয়, তা সবাই জানেন। কোথাও কোনো মুসলমানের ওপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন পাতায় সেটিকে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন হিসেবে প্রচার করা হয় বলে দাবি করেন তিনি।
বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানের কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা মিলেমিশে বসবাস করছেন। এই সম্প্রীতির পরিবেশ অনেকেই চান না। তার দাবি, আওয়ামী লীগ দুর্গোৎসবকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টির চক্রান্ত করেছে। তবে তিনি আশা প্রকাশ করেন, তারা সেই অরাজকতা সৃষ্টি করতে পারবে না।
সানা/কেএমএএ/আপ্র/৭/১০/২০২৬