খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিকৃতির পাশে দুটি প্রচারপত্রও সাঁটিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি সবার নজরে আসে। তবে কারা, কখন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, বিকেলে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেওয়া শুরু করেন তাঁরা। শুক্রবার সড়কের বিপরীত পাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কারা এবং কখন এ ঘটনা ঘটিয়েছে, তা জানা সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগরের রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়। এসব চিত্রে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরাতন যশোর রোডের পাশের দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতি আঁকা রয়েছে। তবে এসব প্রতিকৃতির মধ্যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতেই কালি লেপে দেওয়া হয়েছে।
প্রতিকৃতির পাশে সাঁটানো দুটি প্রচারপত্রের একটিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনাম ব্যবহার করা হয়েছে। সেখানে বিভিন্ন উক্তির পাশাপাশি লেখা রয়েছে, ‘তিতুমীরের বাংলায়, মুসলিম ও পূর্ব বাংলা বিদ্বেষী রঠার ঠাঁই নাই/ভারত বন্দনার ঠাঁই নাই’।
ঘটনার নিন্দা জানিয়ে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, এসব প্রতিকৃতি শিশু-কিশোরদের মুক্তচিন্তার বিকাশে ভূমিকা রাখবে। প্রতিকৃতিতে কালি লেপে যারা এ কাজ করেছে, তারা নিজেদের সংকীর্ণ মানসিকতা ও অসুস্থতার পরিচয় দিয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আহ্বায়ক কাজল ইসলাম এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম ও সৃষ্টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়নের প্রবণতা দেখা যাচ্ছে। অথচ তাঁর সাহিত্য ও দর্শন প্রজন্মের পর প্রজন্মকে মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মর্যাদার শিক্ষা দিয়ে আসছে। কিছু তরুণ-যুবককে ভুল বুঝিয়ে এ ধরনের নোংরা কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে। এর বিরুদ্ধে সব পক্ষের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতির মুখমণ্ডলে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশসহ চারজনকে আটক করে পুলিশ।
সানা/আপ্র/৭/১১/২০২৬