এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি বলেন, গ্রাম আদালত সহজ, দ্রুত ও স্বল্প খরচে বিচারপ্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখছে। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, জেলা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমন্বয়কারী আলমগীর কবির শাকিলুজ্জামান, প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাডমিন সাহাজুল ইসলাম এবং পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় গ্রাম আদালত কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সানা/আপ্র/২৪/৪/২০২৬