চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন। ডনের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মফিজুল ইসলাম আসলাম।
গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডনকে গ্রেপ্তার করে। পরে ২৭ আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এর আগে একাধিকবার জামিনের আবেদন করেও মুক্তি পাননি তিনি।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে অন্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়।
ডিসি/ আপ্র/২৯/১০/২০২৬