চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেছে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। অথচ এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৪৩ হাজার ৪৬২ জন। ফলে পাস করেও একাদশে ভর্তির জন্য আবেদন করেনি ১ লাখ ৪৮ হাজার ২২৮ জন।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় শেষ হয়। গত ২ সেপ্টেম্বর থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, আবেদন না করা সব শিক্ষার্থী যে পড়াশোনা থেকে ঝরে পড়েছে, বিষয়টি এমন নয়। কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারে, কেউ পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারে। নার্সিংসহ বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক কোর্সেও কেউ ভর্তি হতে পারে। তবে কিছু শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও রয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এসএসসি পাস করা সবাই যে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, এমন নয়। অনেক শিক্ষার্থী বিদেশে পড়তে যায়। কেউ পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। নার্সিং খাতেও শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রয়েছে।
তিনি বলেন, এসএসসি পাসের পর কিছু শিক্ষার্থী ঝরেও পড়ে। কেউ বিদেশে শ্রমিক হিসেবে চলে যায়। আবার বাল্যবিয়ের কারণেও বিশেষ করে কিছু মেয়ে শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। এসব বিষয় নিয়ে কাজ করা হবে।
ফল প্রকাশ ও ভর্তি কবে
একাদশে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রেখেছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে পছন্দের কলেজে শিক্ষার্থীদের মনোনয়ন দেওয়া হবে। এ প্রক্রিয়ায় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।
২৩ সেপ্টেম্বর সারাদেশে একযোগে ক্লাস শুরুর কথা রয়েছে। তবে ওই দিন ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি থাকলে ২৪ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হতে পারে।
১৩ লাখের বেশি আসন খালি থাকবে
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ।
এর বিপরীতে চলতি বছর একাদশে ভর্তির যোগ্যতা অর্জন করেছে ১১ লাখ ৪৩ হাজার ৪৬২ জন। অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হলেও প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকবে।
তবে আসনসংখ্যা বেশি হলেও ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরের নামী কলেজগুলোতে এবারো ভর্তিতে তীব্র প্রতিযোগিতা হতে পারে। সীমিতসংখ্যক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আগ্রহ বেশি থাকায় ভালো ফল করেও অনেকেই পছন্দের কলেজে ভর্তির সুযোগ নাও পেতে পারে।
এসি/আপ্র/১৫/০৯/২০২৬