দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। তিনি বলেছেন, বিদ্যুতের ওঠানামা ও সরবরাহের সমস্যার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাব কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা যাচ্ছে না। এ সমস্যা সমাধানে প্রথমে সৌর প্যানেল স্থাপন, এরপর মাল্টিমিডিয়া ক্লাস ও পর্যায়ক্রমে অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার কর্মসূচি নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও উপাচার্য পুরস্কার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল খালেক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় তার দায়িত্ব ও কর্মপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। কলেজগুলোর সঙ্গে সম্পৃক্ত থেকে বিশ্ববিদ্যালয় যে দায়িত্ব পালন করছে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা স্বাগত জানানো হচ্ছে।
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগে বিদ্যমান বিভিন্ন অনিয়ম থেকে বেরিয়ে নতুন কর্মসূচি, নতুন পাঠ্যক্রম ও নতুন পদ্ধতি চালুর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ও সে অনুযায়ী কাজ করছে।
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রাখার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা সচিব বলেন, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা ও সহপাঠ কার্যক্রম, খেলাধুলা, গান, সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা করতে হবে। এসব বিষয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারেও রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
আধুনিক শিক্ষা উপকরণ দেওয়া হবে
আধুনিক শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহের কথা জানিয়ে আবদুল খালেক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক শিক্ষাব্যবস্থার সহায়ক প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে। বিশেষ করে মাল্টিমিডিয়া ক্লাসসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হবে, যাতে শিক্ষার্থীদের আধুনিক পদ্ধতিতে পাঠদান করা যায়।
তিনি বলেন, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু বিদ্যুতের ওঠানামা ও সরবরাহের সমস্যার কারণে অনেক প্রতিষ্ঠানে এসব কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সৌর প্যানেল থাকা প্রয়োজন। এর মাধ্যমে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা তৈরি হবে এবং মাল্টিমিডিয়া ক্লাস চালু রাখা সম্ভব হবে।
প্রথমে সৌর প্যানেল, পরে অন্যান্য সরঞ্জাম
গত ১৫ বছরে মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাবসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও সেগুলোর অনেকগুলো বর্তমানে কার্যকর নেই বলে জানান শিক্ষা সচিব।
তিনি বলেন, দীর্ঘদিন পড়ে থাকায় অনেক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। সব দিক বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীজনদের নিয়ে নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রথম কাজ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপন করা হবে। এরপর মাল্টিমিডিয়া ক্লাস এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমাদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসি/আপ্র/১৫/০৯/২০২৬