অচেনা নম্বর থেকে বারবার ফোন, অর্ডার না করা পণ্যের সরবরাহসংক্রান্ত বার্তা কিংবা অপ্রয়োজনীয় বিজ্ঞাপন- এসবের পেছনে থাকতে পারে ব্যক্তিগত ফোন নম্বরের অপব্যবহার। অনলাইন তথ্য চুরি, তথ্য কেনাবেচা, ভুয়া ওয়েবসাইট ও স্বয়ংক্রিয় কল ব্যবস্থাসহ বিভিন্ন উপায়ে স্প্যামার ও প্রতারকদের হাতে পৌঁছে যায় মানুষের ফোন নম্বর। কিছু কারণ ব্যবহারকারীর নিয়ন্ত্রণের বাইরে থাকলেও সতর্কতার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন অ্যাকাউন্ট খোলা বা বিভিন্ন সেবা নিতে ফোন নম্বর দিতে হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্যভান্ডার থেকে ব্যক্তিগত তথ্য চুরি হলে নম্বর চলে যেতে পারে প্রতারকদের হাতে। এ ছাড়া স্বয়ংক্রিয় কল ব্যবস্থায় এলোমেলো নম্বরে ফোন করে সেগুলো সক্রিয় কি না, তা যাচাই করা হয়। আদালতের নথি, সম্পত্তির দলিল ও কোম্পানির নিবন্ধনসংক্রান্ত প্রকাশ্য তথ্য থেকেও নম্বর সংগ্রহ করা হতে পারে।
তথ্য কেনাবেচাও এর বড় উৎস। বিভিন্ন তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান ব্যবহারকারীদের ফোন নম্বর তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে। গ্রাহক আনুগত্য কর্মসূচি, প্রতিযোগিতা বা পুরস্কারের আয়োজনে অংশ নিতে গিয়ে অনেকে অজান্তেই ব্যক্তিগত তথ্য ভাগাভাগির সম্মতি দেন। ওয়েবসাইটের বিভ্রান্তিকর চেকবক্সে টিক দিয়েও অনেকে এ অনুমতি দিয়ে ফেলেন।
ফিশিংয়ের মাধ্যমেও ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। ভুয়া লগইন পৃষ্ঠা, সন্দেহজনক ওয়েবসাইট, ভুয়া চাকরির বিজ্ঞাপন কিংবা নকল অ্যাপে তথ্য দিলে তা প্রতারকদের হাতে পৌঁছাতে পারে।
ফোন নম্বর সুরক্ষায় অপরিচিত ও সন্দেহজনক ওয়েবসাইটে নম্বর দেওয়া থেকে বিরত থাকতে হবে। অনলাইন সেবায় নিবন্ধনের আগে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও ব্যবহারকারীদের পর্যালোচনা যাচাই করা ভালো। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রকাশ্য প্রোফাইলে নম্বর গোপন রাখা এবং অপ্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা এড়িয়ে চলা জরুরি।
যুক্তরাষ্ট্রে ফেডারেল ট্রেড কমিশনের টেলিমার্কেটিং কল বন্ধের তালিকায় নাম নিবন্ধনের সুযোগ রয়েছে। তবে দাতব্য, রাজনৈতিক, ঋণ আদায় ও জরিপসংক্রান্ত কিছু কল এ নিষেধাজ্ঞার বাইরে। নিজের ইমেইল ঠিকানা তথ্য ফাঁসের ঘটনায় যুক্ত হয়েছে কি না, তা ‘হ্যাভ আই বিন পনড’ ওয়েবসাইটে পরীক্ষা করা যায়। আর ফোন নম্বর উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখে গুগলে অনুসন্ধান করলে অনলাইনে সেটি প্রকাশিত আছে কি না, সে সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। সূত্র: এনগ্যাজেট
সানা/ডিসি/আপ্র/৮/১১/২০২৬