সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজের পুরস্কার জিতেছে মিনিসিরিজ ‘অ্যানি’। উৎসবের ৩২তম আসরে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ বিভাগে পুরস্কার পেয়েছে নাজিফা তুষি অভিনীত আবদুল্লাহ মোহাম্মাদ সাদ নির্মিত সিরিজটি।
প্রথমবার অংশ নিয়েই আন্তর্জাতিক এই স্বীকৃতি পেল বাংলাদেশের প্রযোজনাটি।
শনিবার (৭ নভেম্বর) জেনেভার মেজোঁ কম্যুনাল দ্য প্লেনপালের থিয়েটার পিটোয়েফে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই ‘অ্যানি’র নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
‘ফিউচার ইজ সেন্সিবল’ বিভাগে নির্বাচিত কাজগুলোর মধ্যে সেরা সিরিজের স্বীকৃতি অর্জন করে এটি। পুরস্কার জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিরিজটির কলাকুশলীরা। তাদের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা শুধু একটি গল্প বলতে চেয়েছিলাম।
আজ সেই গল্পকে নিজ ডানায় ভর করে উড়তে দেখে ভীষণ ভালো লাগছে। ‘অ্যানি’ আমাদের অনেকের আস্থা ও সাহসের সম্মিলিত একটি স্বপ্নের দীর্ঘ যাত্রা। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের সেই যাত্রাকে আরও বিশেষ ও স্মরণীয় করে তুলেছে।’
পুরস্কার ঘোষণার আগে উৎসবে সিরিজটির দুটি প্রদর্শনী হয়। ২ ও ৫ নভেম্বর জেনেভার ‘লে সিনেমা দু গ্র্যুতি-সাল সিমোঁ’ প্রেক্ষাগৃহে দেখানো হয় ‘অ্যানি’। এর আগে জার্মানির কোলনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত হয়েছিল সিরিজটি।
গত ৯ জুন ওই উৎসবেই ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ‘অ্যানি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু ও নাজাহ নাওয়ারসহ অনেকে।
সিরিজটি প্রযোজনা করেছে মেট্রোভিডিও, ক্যাটালগ ও জিরেল। প্রযোজক এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহপ্রযোজক হিসেবে রয়েছেন তানভীর হোসেন, শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম ও রায়হান সিকদার।
বলে রাখা যায়, ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ নির্মাণ করে আন্তর্জাতিক পরিচিতি পান আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়।
কান উৎসবের মূল আয়োজনে জায়গা পাওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র এটি। পরে বিশ্বের ১৫টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।
ডিসি/আপ্র/৮/১১/২০২৬