খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব, গতিশীলতা ও কার্যকারিতা বাড়াতে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে বিভাগের ৩১ সদস্যকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল এবং অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), পাঁচজন সার্জেন্ট, পাঁচজন সহকারী ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) এবং ২০ জন কনস্টেবল।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান ইউনিট ট্রাফিক পুলিশ। কারণ, জনগণ তাদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করে। এ কারণে ট্রাফিক বিভাগের সদস্যদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
তিনি আরো বলেন, নিজেদের সন্তানদের ভালো ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে নিজেদের নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ, সার্জেন্ট, ট্রাফিক ইন্সপেক্টরসহ (টিআই) প্রত্যেক সদস্যকে যথাযথভাবে আইন প্রয়োগ করতে হবে। পাশাপাশি বিভাগের নিয়মকানুন ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি শারীরিক সুস্থতার প্রতিও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৮/১১/২০২৬