এক যুগেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার সিডনির মঞ্চে ফিরে প্রবাসী বাংলাদেশিদের আবেগে ভাসালেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তার সুর, কণ্ঠ ও মঞ্চমুগ্ধ উপস্থিতিতে গত শনিবারের (১ আগস্ট) সন্ধ্যাটি পরিণত হয় স্মরণীয় এক সাংস্কৃতিক আয়োজনে।
‘লিসেন ফর’-এর উদ্যোগে সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশ নাইট ২০২৬’-এ রুনা লায়লাকে সরাসরি দেখতে ও তার গান শুনতে ভিড় করেন হাজারো প্রবাসী বাংলাদেশি। আয়োজকরা জানান, এটি সিডনির প্রবাসী বাঙালিদের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে ওঠেন রুনা লায়লা। তাকে মঞ্চে দেখেই দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদন জানান। এরপর একে একে পরিবেশন করেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, ‘যখন থামবে কোলাহল’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না’সহ তার জনপ্রিয় কয়েকটি গান।
বিশেষভাবে দর্শকদের উচ্ছ্বাস দেখা যায় ‘দমাদম মাস্ত কালান্দার’ পরিবেশনার সময়। রুনা লায়লার সঙ্গে গলা মেলান উপস্থিত শ্রোতারাও। তার সঙ্গে ছিলেন সাত সদস্যের একটি যন্ত্রীদল, যাদের সঙ্গতে পুরো অনুষ্ঠানজুড়ে তৈরি হয় প্রাণবন্ত আবহ।
প্রতিটি গানের পর করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মিলনায়তন। অনেক প্রবাসী দর্শকের মতে, এটি শুধু সংগীতানুষ্ঠান ছিল না; বরং প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের শেকড়, স্মৃতি ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে নতুন করে সংযুক্ত হওয়ার এক আবেগঘন আয়োজন।
সিডনিতে রুনা লায়লার আগের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল ২০০৭ সালে সিডনি অপেরা হাউসে একক সংগীতানুষ্ঠানে। পরে ২০১৪ সালে তিনি অংশ নেন ‘প্রবাস পরবনী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এ। দীর্ঘ বিরতির পর তার এবারের প্রত্যাবর্তন প্রবাসীদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস তৈরি করেছে।
রুনা লায়লার আগে মঞ্চে গান পরিবেশন করেন ইমন চৌধুরী, আলেয়া বেগম, পিন্টু ঘোষ, মিথুন চক্র ও মৃধা শিবলু।
অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ছিল ‘সোলার পাওয়ার ন্যাশন’। উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু। অতিথিদের স্বাগত জানান কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, আলম তপন, নুসরাত তানজিলা, মোহাম্মাদ আবিদ শামীম ও সাকিনা আক্তার।
সিডনির আয়োজন শেষ করে রুনা লায়লার পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী শনিবার মেলবোর্নে। আয়োজকদের প্রত্যাশা, সেখানেও প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক সাড়া মিলবে।
সানা/আপ্র/৪/৮/২০২৬