দীপাবলি উপলক্ষে ব্যাপক আতশবাজি পোড়ানোর পরদিন বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আজ রোববার সকালে শহরের বিভিন্ন এলাকার বাতাসের মান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে।
সংবাদমাধ্যম দ্য উইকের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির জাহাঙ্গীরপুরি, পাঞ্জাবিবাগ ও আর কে পুরম এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। শহরের আশপাশের এলাকার বাতাসের মানও খারাপ অবস্থায় রয়েছে।
জাহাঙ্গীরপুরি, পাঞ্জাবিবাগ ও আর কে পুরমে বায়ুর গুণগত মান সূচক (একিউআই) ৪০০-এর বেশি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে জাহাঙ্গীরপুরিতে সূচকটি ৪৫০-এ পৌঁছেছে।
ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, বায়ুর গুণগত মান সূচক শূন্য থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে সন্তোষজনক এবং ১০১ থেকে ২০০ হলে মাঝারি হিসেবে বিবেচিত হয়। সূচক ২০১ থেকে ৩০০ হলে খারাপ, ৩০১ থেকে ৪০০ হলে খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হলে অত্যন্ত খারাপ বলে গণ্য করা হয়।
এদিকে আগামী দুই দিন দিল্লির বাতাসের মান এমনই থাকতে পারে বলে সতর্ক করেছে এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম দিল্লি।
দিল্লি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, রাজধানীতে শুধু সবুজ আতশবাজি পোড়ানোর অনুমতি রয়েছে। ৭ ও ৮ নভেম্বর আতশবাজি পোড়ানো গেলেও মধ্যরাতের পর তা বন্ধ রাখতে হবে। আগামীকাল ৯ নভেম্বর থেকে রাজধানীতে সব ধরনের আতশবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
সূত্র: দ্য উইক
এসি/আপ্র/০৮/১১/২০২৬