তাইওয়ানের স্বাধীনতার দাবিতে যেকোনো বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা প্রতিষ্ঠার কোনো সুযোগ দেওয়া হবে না। চীনের পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়িত হবে।
চীনের বিপ্লবী নেতা সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেইজিংয়ের গণমহাভবনে আয়োজিত স্মরণসভায় দেওয়া ভাষণে এসব কথা বলেন শি জিনপিং। তিনি চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
ভাষণে তাইওয়ান প্রসঙ্গে শি বলেন, তাইওয়ান সমস্যার সমাধান এবং মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক দায়িত্ব। এটি দেশে ও বিদেশে বসবাসরত সব চীনা জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা এবং চীনা জাতির পুনর্জাগরণের অন্যতম শর্ত।
তিনি বলেন, চীন ‘দুই প্রান্তের মানুষ একই পরিবারের সদস্য’—এই ধারণায় বিশ্বাসী। ভবিষ্যতেও ‘শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ ও এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি অনুসরণ করবে বেইজিং। এক-চীন নীতি এবং ১৯৯২ সালের ঐকমত্যের ভিত্তিতে তাইওয়ানের বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ ও আলোচনা চালাতেও চীন প্রস্তুত। এ ক্ষেত্রে তাইওয়ানের বাস্তব পরিস্থিতি এবং সেখানকার মানুষের স্বার্থ ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া হবে।
তবে তাইওয়ানের স্বাধীনতাপন্থী বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে শি বলেন, এ ধরনের তৎপরতার কোনো সুযোগ রাখা হবে না।
সুন ইয়াত-সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, তিনি ছিলেন মহান জাতীয় বীর, দেশপ্রেমিক এবং চীনের গণতান্ত্রিক বিপ্লবের অগ্রদূত। চীনকে নতুনভাবে গড়ে তোলার সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর ‘চীনকে পুনরুজ্জীবিত করো’ স্লোগান প্রজন্মের পর প্রজন্ম ধরে চীনের মানুষকে অনুপ্রাণিত করেছে।
শি আরও বলেন, সুন ইয়াত-সেন সারা জীবন জনগণের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ এগিয়ে নিতে জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে পুরো প্রক্রিয়াজুড়ে জনগণের গণতন্ত্রের বিকাশ এবং অভিন্ন সমৃদ্ধি অর্জনে কাজ করতে হবে।
সুন ইয়াত-সেনের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানিয়ে শি মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠন এবং চীনের চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার কথা বলেন।
ভাষণের শেষ পর্যায়ে তাইওয়ান প্রণালির দুই পাশের মানুষসহ দেশে-বিদেশে বসবাসরত সব চীনা নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তাইওয়ানের স্বাধীনতাপন্থী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধিতা করার আহ্বান জানিয়ে শি বলেন, ইতিহাসের গতিধারা কেউ থামাতে পারবে না। মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়িত হবে এবং তা বাস্তবায়ন করা সম্ভব।
ডিসি/আপ্র/১২/১১/২০২৬