গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেনু

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফল নিয়ে প্রশ্ন নেতানিয়াহুর, ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:০৫ এএম ২০২৬
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফল নিয়ে প্রশ্ন নেতানিয়াহুর, ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা
ছবি

ছবি রয়টার্স

ইসরায়েলের সাধারণ নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরব দলগুলো বিদেশি সহায়তায় ভোট ‘চুরি’ করেছে - এমন অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন তিনি ও তাঁর মিত্ররা। তবে বিরোধীদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে এবং নির্বাচনের ফলের গ্রহণযোগ্যতা নষ্ট করতে পরিকল্পিত প্রচারণা শুরু করেছেন নেতানিয়াহু ও তাঁর লিকুদ পার্টি। এদিকে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে গভীর রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট পেয়েছে ৫৩টি আসন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। বাকি ১৯টি আসন পেয়েছে আরব-ইসরায়েলি দুটি দল জয়েন্ট লিস্ট ও রা’আম। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি অধ্যুষিত এলাকাগুলোতে ভোট কেনা ও অন্যান্য অনিয়মের অভিযোগ তদন্তে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রতি আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু ও তাঁর মিত্ররা। তাঁদের দাবি, বিদেশি গোষ্ঠীগুলোর অর্থায়নে এসব অনিয়ম হয়েছে।

তবে প্রধান বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট অভিযোগ করেছেন, নির্বাচনের ফলের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে নেতানিয়াহু ও তাঁর দল সমন্বিত প্রচারণা চালাচ্ছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটা ইতোমধ্যেই স্পষ্ট যে, লিকুদ ও নেতানিয়াহু নির্বাচনের ফলের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে সমন্বিত ও সংগঠিত প্রচারণা শুরু করেছেন।’

নেতানিয়াহুর অভিযোগ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। পুলিশ ও নির্বাচন কমিটির সদস্যরাও প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগও নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রীর মন্তব্য ‘একটি পুরো সম্প্রদায়কে কলঙ্কিত করেছে’।

গত বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে অনলাইনে প্রকাশিত লিকুদ পার্টির এক বিবৃতিতে কথিত অনিয়মকে ‘গণতন্ত্রের ওপর হামলা’ হিসেবে বর্ণনা করা হয়। এতে বলা হয়, এর উদ্দেশ্য বিদেশি শক্তির হাতে নেসেটের নিয়ন্ত্রণ তুলে দেওয়া, ইসরায়েলের ইসলামীকরণ এবং ডানপন্থি শাসনের পতন ঘটানো।

অন্য আরেকটি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর ইসরায়েল কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসের রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়তে পারে। দেশটির রাজনৈতিক ও আদর্শিক বিভাজনের কারণে সরকার গঠনের স্বাভাবিক সমীকরণও কঠিন হয়ে উঠেছে। কোনোভাবে জোট সরকার গঠিত হলেও সেটি কত দিন টিকবে, তা নিয়েও সংশয় রয়েছে।


সরকার গঠনে চার সম্ভাব্য পথ
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণে ইসরায়েলের সামনে সরকার গঠনের চারটি সম্ভাব্য পথ তুলে ধরা হয়েছে।

প্রথমত, আরব দলগুলোর সমর্থন নিয়ে বিরোধী জোট সরকার গঠন করতে পারে। সংখ্যার হিসাবে এটি নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার সবচেয়ে সরাসরি পথ। কিন্তু বিরোধী জোটের দুই ডানপন্থি নেতা, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবিগদোর লিবারম্যান, জয়েন্ট লিস্ট ও রা’আমের সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধী। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এ বিষয়ে তাঁদের অবস্থান আরো কঠোর হয়েছে।

২০২১ সালে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আট দলের একটি জোট সরকার গঠিত হয়েছিল। ওই সরকারে আরব দল রা’আমও অংশ নিয়েছিল। তবে সরকারটি মাত্র এক বছর টিকে ছিল। এবারও আরব দলগুলোর সমর্থন ছাড়া বিরোধী জোটের সরকার গঠন কঠিন।

দ্বিতীয় সম্ভাবনা হলো, দুই প্রধান রাজনৈতিক শিবিরের মধ্যে সমঝোতার ভিত্তিতে জাতীয় ঐক্যের সরকার গঠন। এ ক্ষেত্রে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও বর্তমান মিত্রদের সঙ্গে বিরোধী জোটের অন্তত একটি গুরুত্বপূর্ণ দলকে যুক্ত হতে হবে। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, এমন সমঝোতার স্বার্থে নেতানিয়াহু জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন-গভিরকে বাদ দিতে রাজি হতে পারেন। তবে অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও কট্টরপন্থি ধর্মীয় দলগুলোকে ছাড়তে তিনি আগ্রহী নন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আইজেনকোট স্পষ্ট জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে কোনো সরকারে অংশ নেবেন না।

তৃতীয় পথ হতে পারে বিরোধী দলগুলোতে ভাঙন ধরিয়ে সংসদ সদস্যদের দলত্যাগে উৎসাহিত করে সরকার গঠন। তবে আইজেনকোট, বেনেট, লিবারম্যান ও ইয়াইর গোলান ইতিমধ্যে নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠনে বসবেন না বলে জানিয়েছেন। তা ছাড়া সংখ্যাগরিষ্ঠতা পেতে নেতানিয়াহুর জোটকে আরো আটজন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন। ফলে বিরোধী শিবির থেকে এতজনকে নিজেদের পক্ষে আনা কঠিন হতে পারে।

চতুর্থ সম্ভাবনা হলো, সরকার গঠনে ব্যর্থ হয়ে আবার নির্বাচনে যাওয়া। এর আগে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ পার্লামেন্টে প্রতিনিধিত্ব পাওয়া দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এরপর কোনো একজন নেতাকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন তিনি।

দায়িত্ব পাওয়া নেতা প্রথমে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরো ১৪ দিন বাড়ানো যাবে। প্রথম নেতা ব্যর্থ হলে দ্বিতীয় কাউকে দায়িত্ব দেওয়া হবে, যিনি ২৮ দিন সময় পাবেন। দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুরোধে প্রেসিডেন্ট তৃতীয় কোনো প্রার্থীকে মনোনীত করতে পারেন। তাঁর হাতে সময় থাকবে ১৪ দিন। সব প্রচেষ্টা ব্যর্থ হলে নতুন নির্বাচনের পথ খুলবে।

এই পুরো প্রক্রিয়ায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু ক্ষমতায় বহাল থাকার সুযোগ পাবেন। বিরোধী নেতা আইজেনকোট প্রথম দফায় সরকার গঠনে ব্যর্থ হলে দায়িত্ব নেতানিয়াহুর হাতে যেতে পারে। তিনিও ব্যর্থ হলে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, রাজনৈতিক সমঝোতা না হলে ইসরায়েলকে আবারও নির্বাচনের মুখোমুখি হতে হতে পারে। সে ক্ষেত্রে আগামী বসন্তের আগে ভোট হওয়ার সম্ভাবনা কম। নির্বাচন হলে গত আট বছরে এটি হবে দেশটির সপ্তম সাধারণ নির্বাচন।

এদিকে, নির্বাচনে আরব দলগুলোর আসনসংখ্যা দেশটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ আরব সম্প্রদায়ের। জয়েন্ট লিস্ট ও রা’আমের পাওয়া ১৯টি আসন দেশটির নির্বাচনে আরব দলগুলোর এ পর্যন্ত সর্বোচ্চ আসন অর্জনের ঘটনা। সরকার গঠন ও পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এখন তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সানা/আপ্র/৩০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পুতিনের চোখে মাস্ক ‘প্রকৃত জিনিয়াস’, ঘনিষ্ঠ যোগাযোগের দাবি
৩০ অক্টোবর ২০২৬

পুতিনের চোখে মাস্ক ‘প্রকৃত জিনিয়াস’, ঘনিষ্ঠ যোগাযোগের দাবি

মার্কিন মহাকাশ কোম্পানি স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে ‘প্রকৃত জিনিয়াস’ বলে প্রশংসা করেছেন...

বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট, ভিডিও ভাইরাল
২৯ অক্টোবর ২০২৬

বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট, ভিডিও ভাইরাল

আর্মেনিয়ার পার্লামেন্টে চলছিল বিতর্ক। হঠাৎ কথার লড়াই গড়াল হাতাহাতিতে। একপর্যায়ে ঘুসি ও লাথি ছুড়...

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত
২৯ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনাসহ উপকূলীয় এলাকায় টানা ব...

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন
২৯ অক্টোবর ২০২৬

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে ‘প্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই