গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চলন্ত বাসে জিম্মি করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৮ এএম ২০২৬
চলন্ত বাসে জিম্মি করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি
ছবি

র‌্যাবের হাতে আটক ডাকাত দলের সদস্য জাবেদ ইকবাল ওরফে বিহারি বাদল -ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জে ফেরার পথে ময়মনসিংহের ভালুকা থেকে বাসে উঠেছিলেন জাহাঙ্গীর আলম। কিছু দূর যাওয়ার পরই তাঁর সন্দেহ হয়, বাসের কয়েকজন যাত্রী আসলে যাত্রী নন। কিছুক্ষণ পর সেই সন্দেহই সত্যি হয়। সাধারণ যাত্রীদের টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে বাস থেকে নামিয়ে দেয় ডাকাত দলের সদস্যরা। এরপর জাহাঙ্গীরকে বাসের ভেতর জিম্মি করে বুকে ছুরি ঠেকিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

বাঁচার আশায় ছোট ভাই ও সহকর্মীদের ফোন করে জাহাঙ্গীর বিকাশের মাধ্যমে এক লাখ ৩০ হাজার টাকা দেন। তাঁর এটিএম কার্ডও ছিনিয়ে নেয় ডাকাতেরা। কিন্তু এতেও মুক্তি মেলেনি। বাকি টাকার জন্য তাঁকে জিম্মি রেখেই বাসটি ঢাকার আবদুল্লাহপুর পর্যন্ত গিয়ে আবার ময়মনসিংহের দিকে ফিরতে থাকে। 
র‌্যাব-১৪-এর ময়মনসিংহের একটি দল প্রযুক্তির সহায়তায় বাসটির অবস্থান শনাক্ত করে রাত ১২টার দিকে নগরের দিঘারকান্দা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে উদ্ধার এবং ডাকাত দলের মূল হোতা জাবেদ ইকবাল ওরফে বিহারি বাদলকে (৪০) আটক করেছে। এ সময় বাস থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

র‌্যাব সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর তাঁর ভাই শাহারুল আলমকে ফোন করে দ্রুত দুই লাখ টাকা নির্দিষ্ট বিকাশ নম্বরে পাঠাতে বলেন। এ সময় তিনি তাঁকে বলেন, ‘বেঁচে থাকলে তোর টাকা ফেরত দিয়ে দেবো।’ তাঁর কথায় সন্দেহ হলে শাহারুল বিষয়টি র‌্যাবকে জানান। এরপর বিকাশে টাকা পাঠানোর সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসটির অবস্থান শনাক্ত করা হয়।

র‌্যাবের ময়মনসিংহ কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, ভুক্তভোগীর ভাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসটির গতিবিধি অনুসরণ করা হয়। বাসটি ত্রিশাল পেরিয়ে ময়মনসিংহ বাইপাসের দিকে আসার সময় দুটি তল্লাশিচৌকি বসানো হয়। প্রথম তল্লাশিচৌকি দেখে বাসটি দ্রুতগতিতে সেটি ভেঙে পালিয়ে যায়। পরে দ্বিতীয় তল্লাশিচৌকির সামনে বাসটি থামানো হলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পর জাবেদ ইকবালকে আটক করা হয়। বাসের ভেতর থেকে জাহাঙ্গীরকে উদ্ধার করা হয়।

আটক জাবেদ ইকবাল ময়মনসিংহ নগরের পাটগুদাম মদের ডিপো এলাকার বাসিন্দা। র‌্যাবের দাবি, তাঁর বিরুদ্ধে ১০টির বেশি ডাকাতির মামলা রয়েছে। এর আগেও তিনি র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের নাম জানিয়েছেন। তাঁদের গ্রেফতারে অভিযান চলছে। আটক জাবেদকে থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম সোনালী লাইফ ইনস্যুরেন্সের নারায়ণগঞ্জ ইউনিটের ইনচার্জ হিসেবে কর্মরত। তাঁর বাড়ি বরগুনার আমতলী এলাকায়। তিনি জানান, অফিসের কাজে ভালুকায় গিয়েছিলেন। কাজ শেষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ ফেরার উদ্দেশে মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসে ওঠেন।

জাহাঙ্গীর বলেন, বাসে ওঠার কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন, দুই-তিনজন সাধারণ যাত্রী ছাড়া বাকি সাত-আটজনই ডাকাত দলের সদস্য। সাধারণ যাত্রীদের মুঠোফোন ও টাকা কেড়ে নিয়ে নামিয়ে দেওয়া হয়। এরপর বাসের জানালা ও পর্দা বন্ধ করে তাঁকে মারধর শুরু করা হয়। বুকে ছুরি ধরে পাঁচ লাখ টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে বিকাশে এক লাখ ৩০ হাজার টাকা এনে দিলেও ডাকাতেরা পুরো টাকার জন্য তাঁকে জিম্মি করে রাখে।

জাহাঙ্গীরের ভাষ্য অনুযায়ী, টাকা আদায়ের জন্য বাসটি আবদুল্লাহপুর ঘুরে আবার ময়মনসিংহের দিকে ফিরিয়ে নেওয়া হয়। এ অবস্থায় তিনি ভাই ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চান। তাঁর ভাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই পরে র‌্যাব অভিযান চালায়।

র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, চলন্ত বাস ব্যবহার করে চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। আটক জাবেদ ইকবালের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সানা/ডিসি/১২/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই