জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট। ত্রুটি দুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীর নাম বা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে হ্যাকাররা। এতে সরকারি পোর্টাল, ব্যাংক, ই-কমার্সসহ বিভিন্ন ওয়েবসাইট বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ বিষয়ে সতর্কতা জারি করে সংস্থাটি। ত্রুটি দুটির পরিচিতি নম্বর সিভিই-২০২৬-১০৯৬১৮ ও সিভিই-২০২৬-১০৯৬১৯। এগুলোর সিভিএসএস ঝুঁকিমাত্রা ৯.২, যা অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচিত।
সার্টের পরামর্শ অনুযায়ী, পিএইচপির মেমোরি ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এ ঝুঁকি তৈরি হয়েছে। মেমোরি শেষ হয়ে গেলে কিংবা তা মুক্ত করার পরও পুরোনো অনুরোধের তথ্য থেকে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে আক্রমণকারী বিশেষভাবে তৈরি এইচটিটিপি অনুরোধ পাঠাতে পারে। এর মাধ্যমে সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়ার আশঙ্কা রয়েছে।
এ ত্রুটিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পিএইচপি-এফপিএম এবং অ্যাপাচির মড-পিএইচপি ব্যবহারকারীরা। এ ছাড়া পিএইচপি-সিজিআই, ফ্র্যাঙ্কেনপিএইচপি, লাইটস্পিড, ডকার কনটেইনার ও শেয়ার্ড হোস্টিংয়ে পরিচালিত ওয়েবসাইটও ঝুঁকির মুখে রয়েছে। এর মধ্যে ওয়ার্ডপ্রেস ও লারাভেলভিত্তিক ওয়েবসাইটের পাশাপাশি সরকারি পোর্টাল, ব্যাংক ও ই-কমার্স প্ল্যাটফর্ম রয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, সফল সাইবার হামলার ফলে পুরো সার্ভারের নিয়ন্ত্রণ চলে যেতে পারে। চুরি হতে পারে তথ্য ও ফাইল। ফাঁস হয়ে যেতে পারে ডেটাবেজের পাসওয়ার্ড ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের গোপন চাবি। এমনকি ওয়েবসাইট অচল হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
ঝুঁকি মোকাবিলায় অবিলম্বে পিএইচপি হালনাগাদ করার পরামর্শ দিয়েছে সার্ট। নিরাপদ সংস্করণ হিসেবে উল্লেখ করা হয়েছে ৮.৫.১২, ৮.৪.২৭, ৮.৩.৩৬ ও ৮.২.৩৫। শুধু ওয়েবসাইটের ফ্রেমওয়ার্ক নয়, সার্ভারে ব্যবহৃত পিএইচপির মূল রানটাইমও হালনাগাদ হয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
যেসব প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে নিরাপত্তা হালনাগাদ করতে পারবে না, তাদের সাময়িকভাবে সার্ভার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) আড়ালে রাখা, আইপি ঠিকানাভিত্তিক অনুমোদনের তালিকা চালু করা এবং সার্ভারের লগ নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে সার্ট স্পষ্ট করেছে, এসব ব্যবস্থা সাময়িক সুরক্ষা দিতে পারে। নিরাপত্তা ত্রুটি থেকে স্থায়ীভাবে সুরক্ষিত থাকতে পিএইচপির নিরাপদ সংস্করণে হালনাগাদ করাই একমাত্র স্থায়ী সমাধান।
সানা/আপ্র/২২/১০/২০২৬