বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার রাতে অসুস্থ বোধ করলে মঈন খানকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান, মন্ত্রীকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকাল পর্যন্ত পাওয়া তথ্যমতে, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মঈন খানকে দেখতে হাসপাতালে যান সমাজসেবামন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে বুধবার তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। তবে আগের দিনের তুলনায় বৃহস্পতিবার তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
অধ্যাপক জাহিদ জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে মঈন খানের চিকিৎসা চলছে।
দলের একজন নেতা জানান, মঈন খানের পরিবারের সদস্যরা দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরলে মন্ত্রীর উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সরকারমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে মঈন খানের সুস্থতার জন্য দোয়া চান।
রিজভীর সঙ্গে এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান রিজভী।
সানা/আপ্র/২২/১০/২০২৬