সৌদি আরবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দেশটির দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত হওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, দাম্মামের বিমানবন্দরসহ সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং দুই বাংলাদেশি আহত হয়েছেন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলা হয়।
হামলায় এক ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানানো হয়। সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি ও একজন নেপালি নাগরিক রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা সংকটজনক।
আহত বাংলাদেশিরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।
তাঁদের পরিচয় প্রকাশ করে বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহত দুই বাংলাদেশি বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবারের বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানায়। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ। বিবৃতিতে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বানও জানানো হয়।
এর আগে গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। তাঁদের মধ্যে শাহেদ আহম্মেদের মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে।
সানা/আপ্র/২৩/১০/২০২৬