চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক বাংলাদেশি যাত্রীর অন্তর্বাস থেকে প্রায় দেড় কেজি সোনা জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত ২৪ ক্যারেটের সোনা এবং গহনার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।
সোমবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছানো যাত্রী মোহাম্মদ তুসারকে কাস্টম হলে কঠোর নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে বিমানবন্দর কাস্টম হাউজ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে যৌথ তল্লাশি চালানো হয়।
দেহ তল্লাশির একপর্যায়ে ওই যাত্রীর অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৪০০ গ্রাম ওজনের সোনার পেস্ট এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার চুড়ি উদ্ধার করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ সোনা চোরাচালানের দায়ে অভিযুক্ত যাত্রীর পাসপোর্ট, মোবাইল ফোন এবং বোর্ডিং পাস জব্দ করেছে। আটককৃত যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এসি/আপ্র/০৩/০৮/২০২৬