অনেক আলোচনা-সমালোচনার ঝড়ের পর অবশেষে ভারতের টেস্ট দলে ডাক পেলেন আকিব নাবি। তাতে খুলে গেল ইতিহাসের দুয়ারও। জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে নেওয়া প্রথম ক্রিকেটার ২৯ বছর বয়সী এই পেসার। শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে নাবিকে না নেওয়ায় গত কিছুদিনে ভারতীয় ক্রিকেটে বিতর্ক হয়েছে প্রচুর।
শেষ পর্যন্ত চোটের কারণে ছিটকে পড়া জাসপ্রিত বুমরাহর বদলে সুযোগ পেলেন নাবি। জম্মু-কাশ্মীর থেকে অফ স্পিনিং অলরাউন্ডার পারভেজ রাসুল ভারতের হয়ে খেলেছেন একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ফাস্ট বোলার উমরান মালিক খেলেছেন ১০ ওয়ানডে, ৮ টি-টোয়েন্টি। অভিজাত সংস্করণে প্রথম খেলার হাতছানি নাবির সামনেই।
গত দুই মৌসুমে রাঞ্জি ট্রফিতে ১০৪ উইকেট নিয়ে নজর কাড়েন নাবি। বিশেষ করে, গত মৌসুমে জম্মু-কাশ্মীরের ঐতিহাসিক প্রথম রাঞ্জি শিরোপায় সবচেয়ে বড় অবদান ছিল তারই। ১০ ম্যাচে ৬০ উইকেট শিকার করে ম্যান অব দা টুর্নামেন্ট ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটের অন্যান্য সংস্করণেও তিনি ভালো করছিলেন।
টি-টোয়েন্টির আসর সৈয়দ মুশতাক আলি ট্রফিতে উইকেট নিয়েছিলেন ১৫টি, একদিনের ম্যাচের টুর্নামেন্ট ভিজায় হাজারে ট্রফিতে ১৪টি। এসব পারফরম্যান্সের কারণেই আইপিএলের নিলামে তুমুল লড়াইয়ের পর তাকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তার পরও ভারতীয় দলে তার সুযোগ না পাওয়ায় নানা প্রশ্ন উঠছিল।
সম্প্রতি ভারতীয় ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও ভালো পারফর্ম করেছেন। কিন্তু ভারতের নির্বাচকরা বেশি জোর দিচ্ছিলেন গতিময় পেসারদের ওপর। শেষ পর্যন্ত সুইং বোলার নাবির সুযোগটা এলো ভিন্নভাবে।
প্রায় নিখুঁত লাইন-লেংথ ও দুই দিকেই সুইং করার সামর্থ্য নাবির বোলিংয়ের বড় শক্তি। পুরোনো বলেও বেশ কার্যকারিতা তিনি দেখিয়েছেন ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ‘এ’ দলের হয়ে। শ্রীলঙ্কায় যদি তার টেস্ট অভিষেকও হয়ে যায়, জম্মু-কাশ্মীরের ক্রিকেট ইতিহাসে খোদাই হয়ে থাকবে তার নাম।
ডিসি/আপ্র/০৩/০৮/২০২৬