বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় একদল লোক। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর করা হয় এবং পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতার করতে শুক্রবার সকালে পুলিশের উপপরিদর্শক শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক মেহেদী হাসান একটি পিকআপ ভ্যান নিয়ে ওই গ্রামে যান।
পুলিশ সদস্যরা সুমনকে আটক করে পিকআপে তোলার সময় স্থানীয় একদল লোক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে মারধর করে সুমনকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত দুই পুলিশ সদস্যকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/কেএমএএ/আপ্র/৬/১১/২০২৬