বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। নতুন ফরমের ফলে আবেদনকারীরা নিজেরাই প্রয়োজনীয় তথ্য পূরণ করতে পারবেন। এতে ভিসা আবেদনে এজেন্টের ওপর নির্ভরশীলতাও কমবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার(৬ নভেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ও সহজীকৃত ফরমটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
হাইকমিশন জানায়, নতুন ফরমে প্রয়োজনীয় তথ্য সহজে বোঝা ও পূরণ করা যাবে। পাশাপাশি সব ধরনের ভিসার আবেদনে একই ধরনের মানসম্মত ফরম্যাট অনুসরণ করা হবে। এতে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অভিন্নতা বজায় থাকবে।
ভিসা আবেদন প্রক্রিয়াকে আরো সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আবেদনকারীবান্ধব করাই এ উদ্যোগের লক্ষ্য। তবে ফরমের কাঠামো সরল করার সঙ্গে ভিসা পাওয়ার যোগ্যতার নতুন কোনো শর্ত যুক্ত করা হয়নি। বিদ্যমান যোগ্যতার মানদণ্ডেও কোনো পরিবর্তন আনা হয়নি।
বাংলাদেশি আবেদনকারীদের ভোগান্তি কমানো এবং ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ভারতীয় হাইকমিশনের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে।
সানা/কেএমএএ/আপ্র/৬/১১/২০২৬