বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজের পাশাপাশি ‘জয় বাংলা’ নামের আরেকটি জাহাজেরও নাম বদলে দেওয়া হয়েছে। নতুন নামের তালিকায় জাতীয় চার নেতার কারও নাম রাখা হয়নি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মসফিকা হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পাঁচটি জাহাজের নতুন নাম উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস মনসুর আলী’-এর নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে। অন্যদিকে ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে নাম পরিবর্তনের ক্ষেত্রে ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন’ থাকার কথা উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের জন্য প্রথমে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়। পরে কোস্টগার্ড কর্তৃপক্ষ নতুন নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে পাঠায়। প্রস্তাব অনুমোদনের পর বৃহস্পতিবার চিঠির মাধ্যমে কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, নতুন নাম পাওয়া চার ব্যক্তিই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে বিভিন্ন অভিযান পরিচালনা করতে গিয়ে তাঁরা শহীদ হন।
সানা/আপ্র/৬/১১/২০২৬