ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা শিগগিরই জানা যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এখন সিদ্ধান্ত নিতে হবে, যুক্তরাষ্ট্র এই লড়াই আরো এগিয়ে নেবে কি না। তাঁর লক্ষ্য, এমন পরিস্থিতি নিশ্চিত করা, যাতে এ ধরনের ঘটনা আর কখনো না ঘটে।
ট্রাম্প বলেন, ‘সম্ভব হলে আমি পুরো দেশটি ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা-ই করতে হবে। আপনারা শিগগিরই জানতে পারবেন।’
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানের ঘুরে দাঁড়াতে প্রায় ২৫ বছর সময় লাগবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, যুদ্ধের কারণে দেশটির পুনরুদ্ধার দীর্ঘ সময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা
সানা/আপ্র/৬/১১/২০২৬