গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেনু

বুলিং প্রতিরোধে ২০ জেলার ৩০ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০ পিএম, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৯ এএম ২০২৬
বুলিং প্রতিরোধে ২০ জেলার ৩০ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি
ছবি

ছবি সংগৃহীত

বিদ্যালয়ে সহিংসতা, বুলিং ও সাইবার হয়রানি প্রতিরোধে দেশের ২০ জেলার ২৭টি উপজেলার ৩০টি বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বিদ্যালয় সহিংসতা ও বুলিং প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিতে শারীরিক ও মানসিক নির্যাতন, বুলিং, সাইবার বুলিং, যৌন হয়রানি এবং লিঙ্গভিত্তিক সহিংসতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকা, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং হয়রানির শিকার শিক্ষার্থীদের সহায়তায় করণীয় তুলে ধরা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল- ‘প্রতিটি শিক্ষার্থী নিরাপদ ও ভালো থাকুক : প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’।

ইউনেস্কোর ঢাকা কার্যালয়ের সহযোগিতায় স্বাস্থ্যবান্ধব বিদ্যালয় কর্মসূচির আওতায় এসব আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি।

কর্মসূচিতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসিম মো. মেজবাহুল হক বলেন, সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে প্রশিক্ষিত শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবান্ধব বিদ্যালয় কর্মসূচির আওতায় শিক্ষক, শিক্ষা প্রশাসক ও ব্যবস্থাপকদের স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক শিক্ষা, মানসিক স্বাস্থ্য, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, সহায়তা পাওয়ার ব্যবস্থা এবং মনোসামাজিক প্রাথমিক সহায়তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিদ্যালয়ে যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষকদের প্রয়োজনীয় দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব ঘটনা বন্ধে বিদ্যালয়ের পাশাপাশি পরিবার ও সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইউনেস্কোর ঢাকা কার্যালয়ের প্রধান ও বাংলাদেশে সংস্থাটির প্রতিনিধি ড. সুসান ভাইজ বলেন, বিদ্যালয়ে, যাতায়াতের পথে এবং অনলাইনে প্রতিটি শিশুর নিরাপদ থাকার অধিকার রয়েছে। বুলিং প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও যত্নশীল পরিবেশ নিশ্চিত করা জরুরি।

ঢাকার কেরানীগঞ্জের আগানগর উচ্চবিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে ছাত্রীদের প্রতি হয়রানি এবং শিক্ষার্থী ও তাদের পরিবারের অনলাইন নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে সন্তানদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা ও দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক হুসনা আরা বেগম বলেন, শিক্ষার্থীদের হয়রানি প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ দায়িত্ব শুধু শিক্ষকদের নয়; শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অন্যদিকে লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চবিদ্যালয়ে ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। অনলাইনে অন্যের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, কাউকে অপমান বা হয়রানি না করা এবং বুলিংয়ের শিকার সহপাঠীর পাশে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়। এ ধরনের ঘটনা ঘটলে বিশ্বস্ত শিক্ষক বা অভিভাবককে জানানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকেরা জানান, বিদ্যালয় পর্যায়ের কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ৮ নভেম্বর শিক্ষকদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করবে ইউনেস্কোর ঢাকা কার্যালয়। এতে বিদ্যালয়ে সহিংসতা, হয়রানি ও সাইবার বুলিং মোকাবিলায় শিক্ষকেরা তাঁদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করবেন।

এসব আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতে বিদ্যালয় পর্যায়ে কর্মপরিকল্পনা তৈরি করা হবে। শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার করণীয়, দায়িত্ব বণ্টন ও বাস্তবায়নপ্রক্রিয়া নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ইউনেস্কোর স্বাস্থ্যবান্ধব বিদ্যালয় কর্মসূচি একটি বৈশ্বিক উদ্যোগ। বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে স্বাস্থ্য ও সুস্থতার বিষয়গুলো অন্তর্ভুক্ত করাই এর লক্ষ্য। শিক্ষক ও বিদ্যালয় পরিচালকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থী, পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।
সানা/আপ্র/৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হোম ইকোনমিক্স কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
০৬ নভেম্বর ২০২৬

হোম ইকোনমিক্স কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটা...

রাজধানীর আজিমপুরে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিক্স কলেজ) অধ্যক...

দুর্যোগে এক বছরে ৪৯ শতাংশ শিশুর স্কুলে যাওয়া বন্ধ
০৬ নভেম্বর ২০২৬

দুর্যোগে এক বছরে ৪৯ শতাংশ শিশুর স্কুলে যাওয়া বন্ধ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের অভিঘাতে দেশের ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ন...

জরিমানার প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা
০৬ নভেম্বর ২০২৬

জরিমানার প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স

লিলি চ্যারিটিজের প্রতিনিধি লাইরি আহলার রংধনু ইউসিএলসি স্কুল পরিদর্শন
০৪ নভেম্বর ২০২৬

লিলি চ্যারিটিজের প্রতিনিধি লাইরি আহলার রংধনু ইউসিএলসি স্কুল পরিদর্শন

ঢাকা আহছানিয়া মিশন, ইস্ট আলকন রংধনু প্রকল্পের রংধনু ইউসিএলসি স্কুল পরিদর্শন করেছেন লাইট অফ হোপ, লিলি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে