নিজের পুরোনো মিত্র ‘অতি-গোঁড়া ইহুদি’ দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থন হারিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে দেখা করতে যান দলটির প্রতিনিধিরা। এ সময় তারা কাউকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন বা সুপারিশ করতে অপারগতা প্রকাশ করেন। অর্থাৎ নেতানিয়াহুকে তারা আবার পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য সমর্থন দেননি।
আর এ কারণে এখন বিরোধী জোটের নেতা ইয়াশার পার্টির গাদি আইজেনকোত প্রথম সরকার গঠনের সুযোগ পাবে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ইসরায়েলে গত ২৭ অক্টোবর পার্লামেন্টের নির্বাচন হয়। অন্যবারের মতো এবারও কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দলগুলো জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।
এর অংশ হিসেবে ইসরায়েলি প্রেসিডেন্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করছেন। আজ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিল অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম। কিন্তু তারা কাউকে সমর্থন জানানো থেকে বিরত থাকে।
যদিও এ দলটি গত পাঁচটি নির্বাচনে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে সমর্থন দিয়েছিল। কিন্তু এবার তারা নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদের জন্য সমর্থন দেয়নি। আবার বিরোধী নেতা গাদি আইজেনকোতকেও সমর্থন দেয়নি।
ইউনাইটেড তোরাহ জুডাইজম সর্বশেষ নির্বাচনে সাতটি আসন পেয়েছে। ইসরায়েলের পার্লামেন্টে আসন আছে ১২০টি। ফলে তাদের এ সাতটি আসনও অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু ইহুদিবাদী দলটি এবার আর কাউকে সমর্থন দিয়ে সরকারে বসাতে চায় না।
অতি-গোঁড়া ইহুদিরা আস্কেনাজি সম্প্রদায়ের। তাদের পূর্বপুরুষরা ছিলেন ইউরোপের বাসিন্দা। এ দলটি ইসরায়েলের বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করা থেকে নিজেদের দূরে রাখতে চায়। এজন্য তারা আন্দোলনও করছে। তবে ইসরায়েলের আইন অনুযায়ী, তাদেরও সেনাবাহিনীতে কাজ করতে হবে।
ডিসি/ আপ্র/০৫/১১/২০২৬